× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেমায় ফিরছেন তিন তারকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১২:১৩ পিএম

সিনেমায় ফিরছেন তিন তারকা

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম দুজনেরই ক্যারিয়ার শুরুর সময়টা প্রায় কাছাকাছি। ২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ দিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন অপু বিশ্বাস। আর ২০০৮ সালে হ‍ুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু মিমের। দীর্ঘ ক্যারিয়ারে তারা উপহার দিয়েছেন একাধিক ব্যবসাসফল সিনেমা। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি অভিনেত্রী ও ছোটপর্দার শিল্পীদের ভিড়ে কিছুটা পিছিয়ে পড়েছিলেন তারা। গত দুই বছর কোনো নতুন সিনেমার খবরে দেখা যায়নি অপু ও মিমকে। অবশেষে বিরতি কাটিয়ে নতুন উদ্যমে বড়পর্দায় ফিরছেন দুজনেই। সেই তালিকায় যোগ হয়েছে ছোটপর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টির নামও।

সিক্রেটে অপুর ফেরা

অপু বিশ্বাস সর্বশেষ অভিনয় করেছেন তার প্রযোজনায় নির্মিত ‘লাল শাড়ি’ সিনেমায়, যার শুটিং শেষ হয় ২০২২ সালের শেষ দিকে। দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন তিনি। পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। নতুন সিনেমার নাম ‘সিক্রেট’। প্রথমবারের মতো অপুর বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। ডিসেম্বর মাসেই শুরু হবে শুটিং।

অপু বলেন, ‘আবার কাজে ফিরতে প্রস্তুত। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। দর্শকের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।’ শোনা যাচ্ছে, ‘সিক্রেট’ ছাড়াও আরেকটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি, সেখানেও থাকছেন আদর আজাদ।

অ্যাকশন সিনেমায় ফিরছেন মিম

বিদ্যা সিনহা মিম সম্প্রতি এক শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানান, নতুন বছরে বড়পর্দায় ফেরার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে নাম চূড়ান্ত না হওয়া নতুন একটি অ্যাকশন সিনেমার শুটিংও শুরু করেছেন তিনি। নায়ক আরিফিন শুভর সঙ্গে এটি তার তৃতীয় চলচ্চিত্র। পরিচালনা করছেন সাইফ চন্দন।

শুটিং সেট থেকে শুভর লম্বা চুল, রক্তমাখা শরীর আর হাতে রক্তাক্ত কুড়াল ধরা একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

মিম জানান, নতুন বছরে ওটিটিতেও দেখা যাবে তাঁকে, ইতোমধ্যে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন তিনি। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিস্তারিত জানাতে নারাজ অভিনেত্রী।

‘ট্রাইব্যুনাল’-এ ফিরছেন তানিয়া বৃষ্টি

২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তানিয়া বৃষ্টির। কয়েকটি সিনেমায় অভিনয় করলেও বড়পর্দায় সাফল্য পাননি তিনি। পরে ছোটপর্দায় নিয়মিত হন। সর্বশেষ তার অভিনীত ‘গোয়েন্দাগিরি’ মুক্তি পায় ২০১৯ সালে।

দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় ফিরছেন তিনি রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে। ইতোমধ্যে শুটিং শেষ হয়েছে। কোর্ট রুম ড্রামা ও ক্রাইম থ্রিলারের সমন্বয়ে তৈরি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান ও মিলন ভট্টাচার্য।

তিন নায়িকার নতুন যাত্রায় আবারও প্রাণ ফিরতে পারে ঢাকাই সিনেমায়Ñ এমনটাই আশা করছেন সিনেমাপ্রেমীরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা