প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৩:৩০ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৫২ পিএম
সিনেমার পর্দায় সমান গুরুত্ব দেওয়ার দাবি থাকলেও বাস্তবে পারিশ্রমিক, সুযোগ-সুবিধা বা কর্মপরিবেশ— সব ক্ষেত্রেই নারীদের তুলনায় পুরুষ অভিনেতারাই এগিয়ে থাকেন বলে অভিযোগ করে আসছেন অনেকে। মাসখানেক আগে আট ঘণ্টার শুটিং শিফট দাবি করে এই অসমতার দেয়ালে প্রথম ধাক্কা দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তার সেই বক্তব্য এখনও পুরো ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রে। এবার সেই বিতর্কে নিজস্ব অবস্থান স্পষ্ট করে দাঁড়ালেন বলিউডের চিরসবুজ নায়িকা মাধুরী দীক্ষিত।
মাধুরীর মতে, সমস্যা শুধু চলচ্চিত্র অঙ্গনের নয়— সমগ্র করপোরেট দুনিয়াজুড়েই নারীরা একই বৈষম্যের শিকার। তার ভাষায়, ‘এটা শুধু সিনেমার ক্ষেত্রেই হয় না, সব পেশাতেই নারীদের পারিশ্রমিক পিছিয়ে থাকে। দীর্ঘদিন ধরেই এ বিষয়ে কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তব পরিবর্তন খুবই ধীর।’ ক্যারিয়ারের শুরু থেকেই বলিউডের প্রথম সারির নায়িকা ছিলেন মাধুরী দীক্ষিত। অনিল কাপুর, সঞ্জয় দত্ত, শাহরুখ খান, সালমান খান, আমির খানের মতো তারকাদের পাশে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতার জায়গা থেকেই অভিনেত্রী মনে করেন, নায়িকাদের পরিশ্রম ও অবদানকে প্রাপ্য মর্যাদা দেওয়ার সময় এখনই। তিনি বলেন, ‘আমি বলছি না, নায়িকাদের পুরুষদের চেয়ে বেশি পারিশ্রমিক দিতে হবে। কিন্তু অন্তত সমান সুযোগ, সমান সম্মান তো থাকা উচিত। নায়ক-নায়িকা দুজনেই ছবির সাফল্যের অংশীদারÑ তাহলে পারিশ্রমিকের ব্যবধান এত বড় কেন?” শুধু পারিশ্রমিক নয়, কাজের সময় নিয়েও তিনি দীপিকার সঙ্গে সুর মিলিয়েছেন।