× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘প্রিন্স’ শাকিবের সঙ্গী নাসির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১২:৪৮ পিএম

‘প্রিন্স’ শাকিবের সঙ্গী নাসির

বাংলাদেশের সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম আলোচিত নাম নাসির উদ্দিন খান। চরিত্রাভিনেতা হিসেবেও সমান দক্ষতা দেখিয়ে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ‘তাকদীর’, ‘মহানগর’ থেকে ‘হাওয়া’Ñ প্রতিটি কাজেই গভীর ছাপ রেখে। এবার সেই অভিনেতা যোগ দিচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এ। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত এই অ্যাকশন-ধাঁচের ছবিতে নাসির থাকছেন এক ভিন্নমাত্রার নেতিবাচক চরিত্রে, যা নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে দর্শকের কৌতূহল।

ভিন্নধর্মী চরিত্র আর অনবদ্য অভিনয়ে শুরু থেকেই দর্শকের মন জয় করে আসছেন নাসির উদ্দিন খান। ওয়েব সিরিজ, সিনেমা ও বিজ্ঞাপনÑ সব মাধ্যমেই তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে। এবার তিনি যুক্ত হলেন শাকিব খানের ঈদুল ফিতরের নতুন সিনেমা ‘প্রিন্স’-এ। শাকিবের সঙ্গে এর আগে একটি বিজ্ঞাপনে কাজ করলেও সিনেমায় এই প্রথম তাদের যুগলবন্দি দেখা যাবে।

সিনেমাটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে। প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেন নাসির। সেই চুক্তির কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে গত সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ‘প্রিন্স’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।

জানা গেছে, ছবিটিতে নাসির থাকছেন এক শক্তিশালী নেতিবাচক চরিত্রে। গল্পে তার উপস্থিতি হবে তীব্র, কৌশলে ভরপুর, যা নায়ক শাকিব খানকে একাধিকবার বিপাকে ফেলবে। প্রচলিত বাংলা সিনেমার খলচরিত্রের মতো নয় এটিÑ এমনটাই জানালেন সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদ। বর্তমানে ভারত থেকে তিনি বার্তায় বলেন, ‘চরিত্রটি একেবারেই আলাদা। পুরোপুরি অ্যাকশন-ধাঁচের এই ছবিতে নাসিরের চরিত্র গল্পের কেন্দ্রীয় অংশে থাকছে। দর্শকের কাছে এটি নতুন অভিজ্ঞতা হবে।’

সিনেমাটির শুটিং শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। দীর্ঘ প্রস্তুতির কারণ ব্যাখ্যা করে নির্মাতা জানান, ‘আমরা বড় ক্যানভাসে কাজ করছি। তাই প্রি-প্রোডাকশনে সময় দিচ্ছি, যাতে পরিকল্পনা অনুযায়ী শুটিং করা যায়।’ শুটিং শুরুর আগে শাকিব খানের নতুন লুক সেট ও পোস্টার শুট করা হবে। নির্মাতার ভাষ্য, ‘শুটিং শুরুর দিনই আমরা শাকিব ভাইয়ের লুক প্রকাশ করব, যাতে দর্শক বুঝতে পারেন কতটা ভিন্নভাবে আমরা ‘প্রিন্স’ নিয়ে এগোচ্ছি।’

‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন তাসনিয়া ফারিণ। এ ছাড়া পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু ও আরেকজন অভিনেত্রী থাকছেন, যার নাম এখনও গোপন রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটির আরেক আকর্ষণ চিত্রগ্রাহক অমিত রায়, যিনি ‘ডানকি’ ও ‘অ্যানিমেল’-এর মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন।

ওয়েব সিরিজ ‘তাকদীর’, ‘মহানগর’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ দিয়ে জনপ্রিয়তা পাওয়া নাসির উদ্দিন খান ইতোমধ্যে ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘হাওয়া’, ‘প্রহেলিকা’, ‘ওমর’-সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। যুক্ত হচ্ছে নতুন মাত্রাÑ ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত ‘প্রিন্স’।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা