প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৩:২৪ পিএম
গুঞ্জন কমিয়ে আরও পরিমার্জিত ও আত্মবিশ্বাসী লুকে ফিরে এসেছেন টলিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নতুনরূপে হাজির হয়ে তিনি ইতোমধ্যে দর্শক ও ভক্তদের দৃষ্টি কেড়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার নতুন উপস্থিতি ঘিরে চলছে ব্যাপক আলোচনা। অন্যদিকে চিত্রনায়ক আদর আজাদও ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্রে। সম্প্রতি তিনি পিনিক ও ট্রাইব্যুনাল সিনেমার কাজ শেষ করে এখন প্রস্তুতি নিচ্ছেন তার পরবর্তী ছবি ঢাকাইয়া দেবদাস-এর শুটিংয়ের জন্য।
এমন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখা যায় একই ফ্রেমে। ছবিটি প্রকাশ হওয়ার পরেই চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন জড়িয়ে পড়েÑ এবার অপু বিশ্বাসের বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করতে যাচ্ছেন আদর আজাদ। ছবিটিতে তাদের সঙ্গে দেখা গেছে নির্মাতা বন্ধন বিশ্বাসকেও। ফলে ধারণা আরও স্পষ্ট হচ্ছে যে তারা নতুন একটি বড় বাজেটের সিনেমায় একসঙ্গে কাজ করতে পারেন। শুধু তাই নয়, অনেকেই অনুমান করছেন যে তাদের একসঙ্গে একাধিক সিনেমায়ও দেখা যেতে পারে। জানা গেছে ছবিটির পরিচালনায় থাকছেন বন্ধন বিশ্বাস আর আগামী মাসেই শুরু হতে পারে শুটিংয়ের কাজ। তবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় এখনও রয়ে গেছে।
বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, আমি কাজে ফিরতে পুরোপুরি প্রস্তুত। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। তবে কোন নির্মাতা বা কোন শিল্পীর সঙ্গে ফিরছিÑ এখন এটা বলতে চাই না। খুব শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সবকিছু আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আদর আজও তো একই ভাবে জানালেন, বেশ কয়েকটি নতুন সিনেমা নিয়ে তার সঙ্গে প্রযোজকদের আলোচনা প্রায় চূড়ান্ত। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগ পর্যন্ত তিনি কিছু বলতে চান না। দর্শকদের অপেক্ষা করতে বললেন কয়েক দিন।
অপু বিশ্বাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল লাল শাড়ি আর আদর আজাদের ছিল টগর। দুজনই নিজেদের ক্যারিয়ারকে নতুন ভাবে সাজাতে চাইছেন। বিশেষ করে অপু বিশ্বাস নতুন লোকে এবং শারীরিক পরিবর্তনে নিজেকে আরও শক্তিশালী ভাবে তুলে ধরতে চাচ্ছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন সিনেমা, ক্যারিয়ার ও আলোচিত নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী সোজাসাপ্টা জানিয়ে দেনÑ পেশাগত প্লাটফর্মে তিনি ব্যক্তিগত বিষয় আলোচনা করতে চান না।
তার ভাষায়, অযথা বিতর্ক তৈরি করবেÑ এমন কথাবার্তা বলতে চাই না। অভিনেত্রী বলেন, এমন কিছু বলতে চাই না যেটা ভবিষ্যতে আমার বিপক্ষে ব্যবহৃত হতে পারে। আমকে বারবার প্রশ্নবিদ্ধ হতে হবে, এমন কোনো কথা বলতে চাই না। তিনি আরও জানান, ব্যক্তিগত জীবনকে কাজের সঙ্গে না মেশাতে পরামর্শ দিয়েছেন অভিনেতা শাকিব খানও।
সৈান্দর্যের রহস্য জানতে চাইলে অভিনেত্রী হেসে বলেন, মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয়। আমার দর্শক, ভক্ত আর কাছের মানুষই আমাকে সুন্দর রাখে।
ছেলের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, বাবা-ছেলের সম্পর্ক কি প্রশ্নের বিষয় হতে পারে? ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন নির্লিপ্ত অবস্থান জানিয়ে তিনি আবারও যে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনকে সম্পূর্ণ আলাদা রাখতে চান।