প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৩:১৮ পিএম
জনপ্রিয় জুটি জিয়াউল হক পলাশ ও পারসা ইভানার পর্দার রসায়ন দর্শকের কাছে বেশ পরিচিত। ব্যাচেলর পয়েন্ট ছাড়াও গুডবাজ, ব্যাডবাজ, বিদেশ, কিডনিসহ একের পর এক সফল নাটকে দেখা গেছে এই জুটিকে। এবার তারা একসঙ্গে কাজ করেছেন একটি পানীয় পণ্যের বিজ্ঞাপনে। রাজধানীর বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে তৈরি করা হয় বিজ্ঞাপনের বিশাল সেট।
আম্রপালির ইতিহাসভিত্তিক কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রাকেশ বসু। প্রেম রাজনীতি আর রাজপ্রাসাদের সমিতি আধুনিকভাবে তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনে। কনসেপ্টও তার নিজস্ব।
নতুন কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে পলাশ বলেন, থিম বেজড এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে দারুণ আয়োজন এর মধ্যে। কনসেপ্ট চমৎকার, নির্মাতা খুব যত্ন নিয়ে কাজটি করেছেন।
পারসা ইভানা বলেন, এই বিজ্ঞাপনটা আমার কাছে আলাদা অভিজ্ঞতা। চরিত্র পোশাক পুরো পরিবেশ সবই ছিল নতুন। রাজকীয় সেটে কাজ করতে বেশ ভালো লেগেছে। নির্মাতা রাকেশ বসু জানান, পলাশ ও পারসার সঙ্গে এটি আমার প্রথম কাজ। বড় সেটে শুটিং হলেও তারা খুব মনোযোগী ছিলেন এবং পিরিয়ডিক্যাল লুকে দুজনকেই মানিয়েছে।
চলতি মাসের শেষে বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেল অনলাইন প্লাটফর্মে প্রচার হবে। সম্প্রতি পলাশকে দেখা গেছে কাজল আরেফিন অমি পরিচালিত রোমান্টিক নাটক ‘শেষমেশ’-এ, যেখানে তার সহশিল্পী ছিলেন পারসা ইভানা।
অন্যদিকে অভিনয় ও নাচের প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছেন পারসা ইভানা। তিন মাস দ্য ফ্রি ম্যান স্টুডিওতে অভিনয় প্রশিক্ষণ এবং স্টেপস অন ব্রড ওয়েতে নাচের ১৫টি ওয়ার্কশপ সম্পন্ন করেছেন তিনি। দেশে ফিরেও নতুন কাজের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।