প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১০:২৫ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৬:২৩ পিএম
রণবীর-দীপিকা জুটি
রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন জুটির অভিনয়ের বাইরে বাস্তবে প্রেমের সম্পর্ক নিয়েও একসময় কম চর্চা হয়নি। প্রেম যেমন আলোচনায় ছিল, তেমনি তাদের বিচ্ছেদও ছিল সংবাদ মাধ্যমের কেন্দ্রবিন্দুতে। ব্যক্তিগত জীবনে ভিন্ন পথে হাঁটলেও পর্দায় তাদের রসায়ন আজও বলিউডের অন্যতম আকর্ষণ। এর মধ্যে খবর, প্রায় দশ বছর পর আবার পর্দায় ফিরছে দর্শকের সেই প্রিয় জুটি।
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘তামাশা’ ছিল তাদের শেষ কাজ। এরপর তাদের একসঙ্গে দেখা যাবে কি নাÑ এ নিয়ে জল্পনা ছিল বহু দিনের। শেষ পর্যন্ত তা সত্যি হতে যাচ্ছে। নতুন এই সিনেমাটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়, যিনি এর আগে রণবীর-দীপিকাকে নিয়ে সুপারহিট ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ তৈরি করেছিলেন। ভারতীয় গণমাধ্যম বলছে, অয়ন তার নতুন ছবির চিত্রনাট্য নির্মাণ করছেন রাজ কাপুরের ১৯৫৬ সালের ক্ল্যাসিক ‘চোরি চোরি’ থেকে অনুপ্রাণিত হয়ে। মূল গল্পে আধুনিকতা যোগ করতে নির্মাতা বেশকিছু নতুন টুইস্ট যোগ করছেন।
এও শোনা যাচ্ছে, এই ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রণবীর কাপুর। তার প্রযোজনা সংস্থার নাম রাখা হয়েছে আরকে ফিল্মস। যদিও সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে একাধিক গণমাধ্যম সূত্র জানিয়েছে, ছবির প্রি-প্রোডাকশন চলছে। ২০২৬ সালের শুরুতে শুটিং শুরু হতে পারে। বড় বাজেট ও ভারতের পাশাপাশি একাধিক দেশে সিনেমার দৃশ্য ধারণের পরিকল্পনাও রয়েছে অয়নের। রণবীর এবং দীপিকাকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘বাচনা অ্যায়ে হাসিনো’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘তামাশা’ সিনেমাতে।