প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১১:৩৯ এএম
পারসা ইভানা
চেনা মুখ পারসা ইভানা- মডেলিং দিয়ে যাত্রা শুরু, পরে অভিনয়ে নিজস্ব জায়গা তৈরি করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে পর্দায় নিয়মিত দেখা যায় না। এর কারণ ব্যস্ততা নয়, বরং নিজেকে নতুন করে জানার ও শেখার আকাঙ্ক্ষা। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছেন তিনি।
সেখানে অবস্থানকালে সময়কে স্রেফ বিনোদনে সীমাবদ্ধ না রেখে যুক্ত করেছেন শেখার অভিজ্ঞতা। ইভানা যুক্তরাষ্ট্রে ভর্তি হন জনপ্রিয় অভিনয় বিদ্যালয় ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে একটি শর্ট কোর্সে। পাশাপাশি নাচের প্রতি ঝোঁক থেকেই ব্রডওয়ের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘স্টেপস অন ব্রডওয়ে’-তে সম্পন্ন করেন একটি নাচের কোর্স। তার ভাষায়, ‘মানুষের শেখার তো শেষ নেই। শিল্পীর তো আরওই নয়। মৃত্যুদিন পর্যন্ত শেখার ক্ষুধা মেটে না।’
তিনি বলেন, ‘আমি আসলে বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে মনে হলো, যেহেতু সময় আছে, কিছু শেখা যাক। ওই ভাবনা থেকেই দুই কোর্সে ভর্তি হই। এখন মনে হয়, ঠিকই সিদ্ধান্ত নিয়েছিলাম। অনেক কিছু ভেতর থেকে বদলে গেছে।’ নাচের প্রতি তার প্রেম নতুন নয়। তাই কোর্স শেষ করতে করতেই কিছু স্টেজ শোতেও অংশ নিয়েছেন তিনি। ‘সময়টা শুধু উপভোগ করিনি, নিজেকে গুছিয়েছি, সমৃদ্ধ করেছি’, যোগ করেন ইভানা।
অভিনয়ের কোর্সটি তাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে। শৃঙ্খলা, দেহভঙ্গি, অনুভূতির প্রকাশÑ সবকিছুতে নতুন উপলব্ধি তৈরি হয়েছে। শিক্ষকের এক পরামর্শ তার মনে গেঁথে আছে, ‘নিজের মতো থাকো। অন্য কারও মতো হতে যেও না।’ ইভানা মনে করেন, এই কথাটি বুঝে কাজ করতে পারলে শিল্পী হিসেবে বেড়ে ওঠা আরও সুন্দর হয়। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর কিছুটা সময় নিজেকে বিশ্রাম দিয়েছেন তিনি। ইতোমধ্যে কয়েকটি ফটোশুট করেছেন, কিন্তু বড় কোনো প্রজেক্টে যুক্ত হননি। কিছু কাজ নিয়ে কথা চলছে। ইভানা বলেন, ‘এবার এমন কিছু করতে চাই, যেটা আমাকে নতুন করে শুরু করার সুযোগ করে দেবে।’ জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টে তার অনুপস্থিতি নিয়ে ভক্তদের কৌতূহল রয়েছে। এ বিষয়ে ইভানা বলেন, ‘চতুর্থ সিজনে আমার চরিত্র যেমনভাবে শেষ হয়েছিল, পরিচালক চাইলে সেখান থেকে ফেরানো সম্ভব। এখনও এ নিয়ে বিস্তারিত কথা হয়নি। তবে আমাকে না দেখালেও চরিত্রটির উল্লেখ, ছবিÑ এসব থাকছে। এটাও ভালো লাগার।’ স্বাধীন ধারায় কাজ করতে চান ইভানা। তাই শুধু অন্যরা করছে বলে সিনেমায় নামতে চান না। আবার ফেরার ইচ্ছাও অস্বীকার করেন না। ‘গল্প আর চরিত্র যদি মনে ধরে, সেটা সিনেমা, ইউটিউব বা ওটিটিÑ যে মাধ্যমেই হোক, কাজ করব,’ বললেন তিনি।
তিনি মনে করেন, এখন দেশের সিনেমায় ভালো সময় চলছে। নতুন গল্প, নতুন নির্মাণশৈলী দর্শক গ্রহণ করছে। সঠিক চরিত্র পেলে তাকেও সিনেমায় দেখা যেতে পারে।