প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৫:৫৭ পিএম
ওপার বাংলার অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে নিয়ে ইদানীং গুঞ্জন ছিল- কলকাতার চেয়ে মুম্বাই তথা আরব সাগরের তীরেই তার আনাগোনা বেশি। প্রিয় তারকাকে শহরে না দেখে ভক্তদের মনেও ছিল প্রশ্ন। তবে সব জল্পনা উড়িয়ে রুক্মিণী এখন কলকাতাতেই। ব্যস্ত সময় পার করছেন আসন্ন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’-এর প্রচারণায়।
মুম্বাই কানেকশন ও শৈশবের স্মৃতি মুম্বাই যাতায়াত নিয়ে চলা ফিসফাস প্রসঙ্গে স্পষ্ট জবাব দিয়েছেন রুক্মিণী। তিনি জানান, ছোটবেলা থেকেই মায়ানগরীর সঙ্গে তার গভীর সংযোগ। অভিনেত্রী বলেন, ‘সবাই এখন আমার মুম্বাই যাতায়াত নিয়ে কথা বলছে। কিন্তু বাবা বলতেন, পরীক্ষায় ভালো ফল করলে মুম্বাই নিয়ে গিয়ে মনের মতো জিনিস কিনে দেবেন। তাই এই শহরের সঙ্গে আমার সম্পর্ক পুরনো।’ সোশ্যাল মিডিয়া ও নেতিবাচকতা সামাজিক মাধ্যমে নিজের উপস্থিতি ও সমালোচনা প্রসঙ্গে বেশ কড়া বার্তা দিয়েছেন রুক্মিণী। কাজের প্রয়োজনে যতটুকু দরকার, ততটুকুই অনলাইনে থাকেন তিনি। সমালোচকদের উদ্দেশে রুক্মিণীর সাফ কথা, ‘হাজারটা ভালো মন্তব্যের ভিড়ে খারাপগুলোকে কেন গুরুত্ব দেব? আমি ইতিবাচক দিকটাই দেখতে চাই। মনে রাখবেন, আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই।’