প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১১:১৫ এএম
শবনম বুবলী
আদর আজাদ ও শবনম বুবলী ‘পিনিক’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন গত বছরের শেষ দিকে। সেসময় জানানো হয়েছিল চলতি বছরের রোজার ঈদে মুক্তির কথা। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন নির্মাতারা। রোজার ঈদ পেরিয়ে কোরবানির ঈদ, দুর্গাপূজা- নানা উপলক্ষে মুক্তির পরিকল্পনা করেও হল পর্যন্ত পৌঁছাতে পারেননি পিনিক।
অবশেষে আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাচ্ছে পিনিক। এমনটাই জানালেন নির্মাতা জাহিদ জুয়েল। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে প্রযোজনা প্রতিষ্ঠান। জাহিদ জুয়েল বলেন, ‘একটি ভালো সিনেমা উপহার দেওয়ার জন্যই পিনিক মুক্তি দিতে সময় নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদে দর্শক দেখতে পারবে সিনেমাটি।’ মুক্তি পেতে দেরি হওয়ার কারণ জানিয়ে নির্মাতা বলেন, ‘একটি গল্প যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তোলা চ্যালেঞ্জের বিষয়। সময়ের কথা না ভেবে আমরা চেষ্টা করেছি যাতে কোথাও খুঁত না থাকে।’ সিনেমাটি প্রযোজনা করছে ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজনার দায়িত্বে আছেন অভিনেতা শিমুল খান। তিনি জানান, একটি গানের শুটিং বাকি থাকায় আটকে ছিল পিনিক। সম্প্রতি শেষ হয়েছে সেই গানের দৃশ্যধারণের কাজ।
শিমুল খান বলেন, ‘গানের শুটিংয়ের জন্য অপেক্ষা করছিলাম। দুই-তিন মাস আগে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মাঝে আমাদের নায়িকা দেশের বাইরে ছিলেন। এ ছাড়া পোস্ট প্রোডাকশনে আমরা যথেষ্ট সময় দিয়েছি। তাই কাজ শেষ হতে কিছুটা দেরি হলো।’ রহস্য এবং মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানায় নির্মিত হয়েছে পিনিক। জাহিদ জুয়েল বলেন, ‘পিনিক সিনেমার গল্প খুব স্ট্রং। কেউ অ্যাকশন বানান, কেউ থ্রিলার, কেউ আবার হরর বা রোমান্টিক বানান। পিনিক সিনেমাটি তৈরি হয়েছে সব ঘরানা মিলিয়ে। দর্শক সিনেমাটি দেখলে মজা পাবে।’
পিনিক সিনেমায় আরও অভিনয় করেছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু প্রমুখ। সম্প্রতি একেবারে ভিন্নধর্মী লুকে দেখা দিলেন অভিনেত্রী শবনম বুবলী। নজরকাড়া ফটোশুটে তিনি ভিনটেজ ওয়েস্টার্ন লুকে ভরপুর আবেদন ছড়াচ্ছেন। পুরো দৈর্ঘ্যের কালো ককটেল ড্রেস পরেছেন তিনি এখানে, সঙ্গে নজর কাড়ছে পয়েন্টেড সাদা পাম্পস। স্ট্র্যাপলেস ডিজাইনে বেড়েছে আবেদন। কালো ট্র্যাডিশনাল বনেত ক্যাপে আছে নেট, ফুলের ফেব্রিক আর ফো পার্লের ব্যবহার। সাদা গ্যাদার্ড ফেব্রিকের বড় ফুলেল ডিটেইলিং দেখা যাচ্ছে বডিসে। হাতে সাদা নেটের গ্লাভস। কানে বড় সাদা পাথরের স্টাড। লেন্সের ব্যবহারে ওয়েস্টার্ন লুকে এসেছে অন্য মাত্রা। সফট গ্ল্যাম মেকওভারে নজর কাড়ছে সেমি ম্যাট ন্যুড গোলাপি লিপকালার। সব মিলিয়ে ছিলেন অনন্য।