প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১১:৩৫ এএম
বিদ্যা সিনহা মিম
বছর দুয়েক আগে জিতের সঙ্গে ‘মানুষ’ ছবিতে অভিনয় করে আলোচনায় ছিলেন বিদ্যা সিনহা মিম। তবে সেই ছবি-পর্বের পর যেন একটু আড়ালেই ছিলেন তিনি। বড়পর্দায় তার উপস্থিতি ছিল খুবই সীমিত। এবার দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফিরছেন এই জনপ্রিয় নায়িকা।
সম্প্রতি একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী আয়োজনে হাজির হয়ে মিম জানান, নতুন বছরে আবারও সিনেমা হলে দেখা যাবে তাকে। নতুন কাজ, নতুন চরিত্র আর নতুন উদ্যম নিয়ে ফিরতে প্রস্তুত বলেই জানালেন তিনি। মিম জানিয়েছেন, ২০২৬ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন তিনি। সূত্রের খবর, ইতোমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন মিম। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি। এ ছাড়া তার হাতে আরও কয়েকটি সিনেমা ও সিরিজের কাজ রয়েছে, যা ধীরে ধীরে সামনে আসবে।
অভিনেত্রী জানিয়েছেন, দুই বছরে তার কোনো কাজ মুক্তি না পেলেও প্রস্তাবের ঘাটতি ছিল না। তিনি ইচ্ছে করেই সময় নিয়েছেন। কারণ তার লক্ষ্য ছিল ভালো মানের প্রজেক্টে কাজ করা। অবশেষে সেই অপেক্ষার প্রাপ্তি মিলছে। আগামী মাসেই তার নতুন কাজগুলোর ঘোষণা আসবে।

পর্দায় দেখা না গেলেও ব্র্যান্ড-সংক্রান্ত ইভেন্ট ও প্রমোশনে মিম নিয়মিত ছিলেন। কখনো হ্রদের ধারে নির্জন রিসোর্টে, চারপাশে সবুজের সমারোহ, তার মাঝে মিমের হাসিমাখা মুখ। কখনও আবার সুইমিংপুলে নির্ভার জলকেলি, কখনও পাহাড়ের পাদদেশে সূর্যাস্তের রঙে রাঙা বিকাল। এমন সব ছবিতে ভরে থাকে বিদ্যা সিনহা মিমের সামাজিক মাধ্যম। কখনও বর সনি পোদ্দারের সঙ্গে, কখনওবা একা। কখনও দেশে-বিদেশে।
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের ফেসবুক পেজের ফলোয়ার এখন সাড়ে ছয় মিলিয়নেরও বেশি। পেজটিতে ঢুঁ দিলেই অনুরাগীরা টের পান মিম জীবনকে কতটা উদযাপন করছেন। প্রায় প্রতি মাসেই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছেন, সেই ছবি আবার সেখানে প্রকাশ করছেন। ২০২২ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। এতে অনন্যা চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন বিদ্যা সিনহা মিম। এই সিনেমার মাধ্যমেই মিম যে অনবদ্য অভিনেত্রী তার প্রমাণ দিয়েছেন। অথচ পরাণের পর মিমকে আর তেমন সিনেমায় দেখা যায়নি। পরাণের পর একই নির্মাতার দামাল এবং এরপর দীপংকর দীপনের অন্তর্জাল সিনেমায় দেখা গেলেও মিমকে পরাণের মতো করে পাওয়া যায়নি। চলচ্চিত্রের নায়িকা হলেও মিম দেশসেরা মডেল। দেশের বড় বড় সব প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। বলা হয় তারকাদের মধ্যে দেশের সবচেয়ে বেশি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব পালন করছেন মিম। প্রতি মাসেই নতুন নতুন পণ্যের বিজ্ঞাপনে ব্যস্ত থাকতে হয় তাকে। দেখা যাক নতুন বছরে কী চমক অপেক্ষা করছে মীম ভক্তদের।