প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১১:৩৩ এএম
চলতি বছরের এপ্রিলে ভারতের পেহেলগাম হামলা ও সাম্প্রতিক সময়ে দিল্লি বিস্ফোরণের ঘটনা যেভাবে সাধারণ মানুষকে নাড়িয়ে দিয়েছে, সেভাবেই নাড়া দিয়েছে বলিউড তারকাদেরও। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বলিউড বাদশা শাহরুখ খান।
শনিবার মুম্বাইয়ে আয়োজিত ‘পিস অব অনার্স’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেহেলগাম ও দিল্লির ঘটনায় নিহতদের পরিবার। সেখানেই দেশটির সেনাবাহিনী ও নিহতদের উদ্দেশে বার্তা দেন বাদশা। তিনি বলেন, ‘২৬/১১, পেহেলগাম ও সাম্প্রতিক সময়ের দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতি ও দেশের বীর সেনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা।’
একই সঙ্গে শাহরুখ বলেন, ‘দেশের জওয়ানদের উদ্দেশে আমাকে আজ এই অনুষ্ঠানে বিশেষ চারটি পঙ্ক্তি বলতে বলা হয়েছে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি দেশের জন্য কী করেছেন? তাহলে উত্তরে তাকে বলুন, আমি আমার দেশকে রক্ষা করেছি।’ যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনি জীবনে কী কী অর্জন করেছেন তাহলে তাকে বলুন, ‘আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ, ভালোবাসা অর্জন করেছি। ’ যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, আপনি কি কোনো কিছুতে ভয় পান? তাহলে উত্তরে তাকে বলুন, আমাদের যারা আক্রমণ করছে তাদের ভয় পেতে দাও। যদি আমাদের মধ্যে ঐক্য, দৃঢ়তা বজায় থাকে তাহলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তা করার আগে দুবার ভাববে।
এরপর এই অভিনেতা আরও বলেন, ‘আসুন আমরা সবাই আসুন শান্তির পথ খুঁজে নিই। জাতি, ধর্ম ভুলে নিজেদের রক্ষা করার পথ যেন নিজেরাই খুঁজে নিই।’ উল্লেখ্য, ১৭ বছর আগে মুম্বাইয়ে হওয়া জঙ্গি হামলা, চলতি বছরের পেহেলগাম হামলা ও সাম্প্রতিককালের দিল্লি বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারকে শ্রদ্ধা জানানো হয় এই অনুষ্ঠানে।