প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১২:২৫ পিএম
মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের বায়োপিক ‘ঈথা’ নিয়ে ব্যস্ত রয়েছেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম বলছে, ‘ঈথা’ সিনেমার শুটিং করছিলেন শ্রদ্ধা। সিনেমাটির একটি নাচের দৃশ্য করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান অভিনেত্রী। সঙ্গে সঙ্গে বন্ধ করতে হয় শুটিং। ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিনেত্রী আসলে লাভনি নৃত্যের সাজপোশাকে প্রস্তুত ছিলেন। এমনিতেই দ্রুত লয়ের নাচ। সেইসঙ্গে ভারী শাড়ি, প্রচুর পরিমাণে গয়না ছিল গায়ে। সঙ্গে ছিল ভারী কোমরবন্ধনী। সব মিলিয়ে ওজন প্রায় ১৫ কেজি। নাচতে নাচতে কোমরবন্ধনী খুলে পড়ে যায় এবং তাতেই শ্রদ্ধার পায়ে চোট লাগে বলে খবর।
এ ঘটনার পর দ্রুতই মুম্বাই ফিরে আসেন শ্রদ্ধা কাপুর। যদিও প্রযোজকের টাকা ‘নষ্ট’ করতে নারাজ তিনি। তাই মুম্বাই ফিরেই যত ‘ক্লোজ শট’ রয়েছে, সেটার শুটিং চালিয়ে যাচ্ছেন। এদিকে সময়টা ভালো যাচ্ছে না শ্রদ্ধা কাপুরের। মুম্বাইয়ে ২৫২ কোটির মাদক মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রীর ভাই সিদ্ধান্ত কাপুরের। ইতোমধ্যেই শ্রদ্ধার ভাইকে তলব করেছে মুম্বাই পুলিশ। এবার নিজেও পড়লেন বিপাকে।