প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫ ১৬:৫৫ পিএম
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হলো শক্তিশালী ভূমিকম্প। গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে শুরু হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাম্প্রতিক বছরের মধ্যে এটি অন্যতম তীব্র ভূমিকম্প। ভূমিকম্পের সেই ভয়াবহ অভিজ্ঞতা তারকাদের মনেও দাগ কেটেছে। সামাজিক মাধ্যমে তারা জানিয়েছেন নিজেদের আতঙ্ক, অনুভূতি এবং দেশবাসীর প্রতি উদ্বেগ।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘ভূমিকম্প!! আশা করি সবাই নিরাপদে আছেন।’ নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘এমন ভূমিকম্প আগে কখনও হয়নি! শেষ দিন হতে পারত। সবকিছু কত ভঙ্গুর একটি অনুস্মারক!’
অভিনেতা চঞ্চল চৌধুরী জানান, ‘ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন।’
অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘আলহামদু লিল্লাহিল্লাঝি নাজ্জানি মিনাল-বালা’ অর্থাৎ বিপদ থেকে রক্ষা পাওয়ায় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন। তিনি আরও লিখেছেন, ‘আমি এর আগে কখনও এমন ভূমিকম্প অনুভব করিনি। সত্যিই আমাকে নাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।’
অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, ‘বাংলাদেশে একটু আগে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাই সাবধানে থাকবেন।’ এরপর তিনি নিজের বাসার সিসিটিভি ফুটেজ শেয়ার করে জানান, ‘মনে হচ্ছে আমার বিড়ালগুলো আগেই টের পেয়েছিল, আল্লাহ মহান।’
সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব ভবনের একটি ফাটা প্লাস্টারের ছবি শেয়ার করে জানান, তীব্র কম্পনে তিনি ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। ছবিটি দেখে বোঝাই যায়, তার ভবনও প্রচণ্ডভাবে কেঁপে উঠেছিল।
রাশেদ মামুন অপু লেখেন, ‘এ যাত্রায় ঢাকা শহর বেঁচে গেল। বাসায় একা। ছোটটা বাসার পাশে ড্রয়িং স্কুলে, বড়টা স্কুলে, এক্সাম চলছে। মেঝেতে বসে ছিলাম, তারপর চারপাশ থেকে মনে হলো সবকিছু ভেঙে আসছে। নিচ থেকে অনবরত ওপর দিকে ধাক্কা, চারপাশের কাচের ফিটিংস/জিনিসপত্র ঝনঝন শব্দ। হঠাৎ মনে হলো, এ যাত্রায় বাচ্চাদের মুখ আর দেখা হলো না, ৬ তলার সিঁড়ি বেয়ে দৌড়, তারপর রাস্তা ধরে একছুটে ছোটটার স্কুলে। ওরা সবাই ভালো আছে।’ সাবরিনা পড়শী লেখেন, ‘আমরা প্রস্তুত তো? আজকের ভূমিকম্পে কয়েক সেকেন্ডের কম্পনই মনে করিয়ে দিলÑ একটা বড় ঝাঁকুনিতে আমরা কতটা অসহায় হয়ে যেতে পারি। ভাবতেই ভয় লাগে, এই কম্পনটা যদি আরও ১০-১৫ সেকেন্ড স্থায়ী হতো! বিশেষজ্ঞ এবং আবহাওয়া অধিদপ্তর অনেক দিন ধরেই সতর্ক করে আসছে, বাংলাদেশ একটি ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ দেশ। তবুও প্রশ্ন রয়ে যায়, প্রস্তুতি কোথায়? আমরা কি সত্যিই বড় বিপদ মোকাবিলার মতো প্রস্তুত? ভবনের মান, মানুষের নিরাপত্তা, উদ্ধার ব্যবস্থাÑ সবকিছু কি ঠিক আছে? বাংলাদেশ কি প্রস্তুত? আল্লাহ আমাদের দেশকে সুরক্ষিত রাখুন।’