আয়েশা থেকে লিখন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ২০:১২ পিএম
সুনেরাহ বিনতে কামাল
মডেলিং দিয়ে শুরু হলেও সুনেরাহ বিনতে কামালের পথচলা কখনোই তড়িঘড়ি বা ভিড়ের সঙ্গে তাল মিলিয়ে চলার ছিল না। তিনি এগিয়েছেন নিজের ছন্দে- ধীরে, সচেতনভাবে, চরিত্রের গভীরে ডুব দিয়ে। আজকের সুনেরাহ সেই কারণে আরও পরিণত, আরও স্থির। তার কথায়, অভিনয় তার কাছে কোনো গন্তব্য নয়, বরং নিরন্তর শেখার যাত্রা। ‘আমি নিয়মিতই শিখছি। প্রতিটি কাজ আমাকে নতুন করে তৈরি করছে। কাজ না থাকলে এখন বরং অস্থির লাগে’, বলেছিলেন তিনি।
২০১৯ সালের ‘ন ডরাই’-এ আয়েশা চরিত্রে অভিনয় করে দাপুটে একটা জায়গা দখল করেছিলেন সুনেরাহ। সার্ফবোর্ডে দাঁড়িয়ে ঢেউয়ের সঙ্গে লড়াই করা মেয়েটির গল্প যেন তার নিজেরই যাত্রাপথের প্রতিচ্ছবি- চ্যালেঞ্জকে আলিঙ্গন করার আত্মবিশ্বাস। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে প্রমাণ করেছিলেন, অভিনয় তার কাছে শুধু ক্যারিয়ার নয়, নিজের অস্তিত্বকে ছুঁয়ে দেখার উপায়। এরপর ‘মশারি’ তাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা এনে দেয়।

চ্যালেঞ্জ নেওয়ার প্রবণতাই তাকে নিয়ে যায় সাম্প্রতিক হিট সিনেমা ‘দাগি’র লিখন চরিত্রে- এক বাকপ্রতিবন্ধী মেয়ের ভূমিকায়। কথা নয়, চোখের ভাষাই ছিল তার অভিব্যক্তির প্রধান ভরসা। দর্শকরা সেই ভাষা অনুভব করেছেন গভীরভাবেহাসি, কান্না, মায়া- সবকিছুই টের পেয়েছেন নিঃশব্দে। সাধারণ নায়িকারা যেসব চরিত্র এড়িয়ে যান, সুনেরাহ ঠিক সেইসব চরিত্রেই নিজের ভেতরকার অভিনেত্রীকে উন্মোচন করেন।
নাটকে তার যাত্রা শুরু হয় ‘শূন্য থেকে শুরু’ দিয়ে। তারপর খানিক বিরতি পেরিয়ে ফিরলেন ‘দাবাঘর’ দিয়ে। গত এক বছরে ছোটপর্দায় তিনি এতটাই সক্রিয় হয়েছেন যে ইউটিউবের বিভিন্ন চ্যানেল ও ফেসবুক রিলসের জনপ্রিয় মুখ এখন তিনি। কখনও আরশ খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে, কখনো-বা তীব্র আবেগে ভরা কোনো বিচ্ছেদের দৃশ্যেÑ প্রতিটি চরিত্রেই হাজির হচ্ছেন আলাদা রূপে।

কেন হঠাৎ নাটকে এত ব্যস্ততা? সুনেরাহর উত্তর সহজ, ‘শেখার তো শেষ নেই। সিনিয়ররা বললেন নাটকে কাজ করলে অভিজ্ঞতা বাড়বে। আমিও চেষ্টা করলাম। করতে করতেই নিয়মিত হয়ে গেলাম।’ কম মানুষই জানেন, ছোটবেলা থেকেই তিনি বিটিভির তালিকাভুক্ত নৃত্যশিল্পী। সেই শৈল্পিকতার পরিপূরক হিসেবেই এবার যুক্ত হয়েছেন প্রথম ধারাবাহিক নাটকে, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদের গল্প’। পারিবারিক আবেগ আর সম্পর্কের টানাপড়েন নিয়ে নির্মিত এই ধারাবাহিক সুনেরাহর ক্যারিয়ারে যোগ করছে নতুন মোড়। তার ভাষায়, ‘ধারাবাহিকে এই প্রথম অভিনয় করছি। রাজ ভাইয়ের কাজ মানেই ভরসা। গল্পটাও দারুণ, খুব মানবিক।’
কাজের প্রতি নিবেদন, বৈচিত্র্যময় চরিত্র বেছে নেওয়ার সাহস আর ক্রমাগত শেখার মনোভাবÑ এসব মিলিয়েই সুনেরাহ আজ নিজের অবস্থানটা গড়ে তুলেছেন। ভবিষ্যতে তিনি আরও কী করেন, তা দেখার অপেক্ষায় আছেন দর্শকরা।