প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১১:৩৩ এএম
ঢাকার আর্মি স্টেডিয়ামে চলছে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘ম্যাজিকাল নাইট ২.০’। স্টেডিয়ামজুড়ে ঢেউ খেলছে মানুষের বিস্ময় আর উচ্ছ্বাস। মঞ্চে উঠেই আতিফ আসলাম যেন পুরো পরিবেশ নিজের করে নেন। দর্শকদের হাজারো কণ্ঠ যখন তার গানের সঙ্গে এক হয়ে যায়, তখন মনে হয়- একটি কনসার্ট নয়, যেন এক বিশাল সমবেত সংগীতানুষ্ঠান চলছে।
একপর্যায়ে আতিফ নিজেই গানের সুর থামিয়ে মুগ্ধ স্বরে বলেন, ‘বাংলাদেশ আমার দ্বিতীয় ঘরের মতো। আর আপনারাই আমার সেরা শ্রোতা।’ তার কথায় ফুটে ওঠে ঢাকার দর্শকদের প্রতি আন্তরিক ভালোবাসাÑ যা গায়কের আবেগে ভরপুর সেই মুহূর্তে আরও স্পষ্ট হয়ে ওঠে। ঘটনার সেই তারিখ, ২৯ নভেম্বর, ২০২৪।
সেদিন তিনি মঞ্চ মাতান ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’সহ তার বহুল জনপ্রিয় গান দিয়ে। ভক্তদের প্রতিটি প্রিয় গান যেন নতুন করে রঙ ছড়িয়ে দেয় স্টেডিয়ামের আলো-হাওয়ায়।
এরও আগে, গত বছরের এপ্রিল মাসে ঢাকায় ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করে শ্রোতাদের মন জয় করেছিলেন এই পাকিস্তানি সংগীতশিল্পী।
এবার আবার তিনি আসছেন বাংলাদেশে, আরও একবার মুগ্ধ করার প্রস্তুতি নিয়ে। তার আগমনকে ঘিরে ভক্তদের মধ্যে ইতোমধ্যে দারুণ উন্মাদনা ছড়িয়ে পড়েছে। আতিফকে আবারও বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছে মেইন স্টেজ নামের একটি প্রতিষ্ঠান। ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের কনসার্টের আয়োজন করেছে তারা। আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা মাঠে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট। আয়োজকরা জানিয়েছেন, ওই দিন দুপুর ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকাল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে জেনারেল ও ফ্রন্ট ভিআইপিÑ এই দুই ক্যাটাগরিতে। ১৩ ডিসেম্বরের কনসার্টে আতিফের সঙ্গে দেশের কোনো শিল্পী কিংবা ব্যান্ড থাকবে কি না, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে শিগগির বিস্তারিত ঘোষণা আসবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।