প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১১:১৬ এএম
দেশের বহুল জনপ্রিয় সংগীতমঞ্চ কোক স্টুডিও বাংলা। এর সিজন-৩ শুরু থেকেই একের পর এক চমক উপহার দিচ্ছে শ্রোতাদের। ইতোমধ্যে সাতটি গান প্রকাশ পেয়েছে এখানে। যার প্রতিটি গানই লুফে নিয়েছেন সংগীতপ্রেমীরা। এবার সেই যাত্রায় যুক্ত হলো এক ঐতিহাসিক মুহূর্ত। কোক স্টুডিওতে প্রথমবারের মতো এসেছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা।
দর্শক-শ্রোতাদের বহুদিনের প্রত্যাশা ছিল কোক স্টুডিওতে রুনা লায়লার উপস্থিতি। দীর্ঘ প্রতীক্ষার সেই অপেক্ষা এবার ভাঙলো। নিজের জনপ্রিয় গান ‘মাস্ত কালান্দার’ নিয়েই হাজির হলেন বাংলা গানের রানী। গত শনিবার কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে রুনা লায়লার একটি বিশেষ ছবি প্রকাশ করে সংগীতপ্রেমীদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি একটি ছোট ভিডিও প্রকাশ করেও জানান দেওয়া হয়েছে, কোক স্টুডিওর মঞ্চে আসছে কিংবদন্তি। আজ ১৭ নভেম্বর ৭৩ বছরে পা দিয়েছেন রুনা লায়লা। জন্মদিনের আগেই ভক্তদের জন্য এটি যেন এক বিশাল উপহার। প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, চিরচেনা অভিজাত উপস্থিতিতেই স্টুডিওতে দাঁড়িয়ে আছেন তিনি। গানটি গতকাল রবিবার কোক স্টুডিও বাংলার ইউটিউবে প্রকাশ করা হয়েছে।