বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২২ ১৮:২৩ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২২ ১৯:৪২ পিএম
বলিউডের তারকা অভিনেত্রী তারা সুতারিয়ার অভিষেক হয় করণ জোহরের সিনেমা দিয়ে। স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু দিয়ে তার বলিউড ক্যারিয়ারের শুরু। আর শেষবার তাকে পর্দায় দেখা গেছে মোহিত সুরির এক ভিলেন রিটার্নস ছবিতে। সম্পর্কেও তিনি রয়েছেন নামকরা পরিবারের সঙ্গে। বর্তমানে রণবীর কাপুরের চাচাতো ভাই আদর জৈনের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা সুতারিয়া।
বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। কাপুর পরিবারের একাধিক অনুষ্ঠানে তাই দেখাও যায় তাকে। সম্প্রতি আদর জৈনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নানা কথা বললেন তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা সুতারিয়া বলেন, আমরা ভালোবাসায় থাকতে চাই, আর ভালোবাসা দিতে চাই। তাই এটা বলা একেবারেই সঠিক নয় যে, একজন আরেকজনকে ভালোবাসে না বা একজনের আরেকজনের প্রতি কোনো আবেগ নেই। আমি মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারি। আমার মনে হয় আমরা দুজনেই একই প্রকৃতির মানুষ। আর এটাই আমাদের মধ্যে সম্পর্কের মূল রহস্য। এভাবেই আমরা একে অপরের প্রতি আকৃষ্ট হই।
আদর জৈনের সঙ্গে সম্পর্ক এবং প্রেমিকের পরিবারের সঙ্গে তার কেমন সম্পর্ক, সে প্রসঙ্গেও বিস্তারিত বলেন তারা সুতারিয়া। বলেন, ওর পরিবারের সদস্যরা আমার পরিবারের সদস্যদের নানা সময়ে মনে করে। তাদের সকলের মধ্যেই সম্পর্ক মধুর। পার্সি পরিবারের মধ্যে যেমন সম্পর্ক থাকে, একেবারে তেমনই। পার্সি পরিবারের মতো পঞ্জাবি পরিবারেও এমন ঘনিষ্ঠতা দেখা যায়। এই সম্পর্ক অসাধারণ। আমি তাদের প্রত্যেককে সম্মান করি, ভালোবাসি খুব। আমার কাছে তারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা সুতারিয়া জানালেন, এক ভিলেন রিটার্নস মুক্তির পর আদর জৈন তাকে বিশেষ চমক দেন। তিনি বলেন, যখন কেউ প্রথমবার কারও সঙ্গে দেখা করে, তখন সেটাই বড় চমক থাকে। আর জীবনের বিশেষ মানুষটা যখন এক কাপ চা বানিয়েও দেয়, সেটাও বড় পাওয়া। আর এক ভিলেন রিটার্নস মুক্তি পাওয়ার পর বিশেষ চমক ছিল হাতে লেখা একটা চিঠি। এরকম অনেক অনেক বিশেষ মুহূর্ত রয়েছে আমাদের।
প্রসঙ্গত, বলিউডে ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে অভিনয় করে ফেলেছেন তারা সুতারিয়া।
প্রবা/ টিএম /এমজে