প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১১:২৮ এএম
তাসনিয়া ফারিণ
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তাসনিয়া ফারিণ। তবে সিনেমার আরেক নায়িকা হিসেবে কলকাতার ইধিকা পাল থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়তে পারেন!
সিনেমা-সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে তাসনিয়া ফারিণের সঙ্গে সিনেমাটি নিয়ে চুক্তি সম্পন্ন হবে। তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তবে সিনেমায় ইধিকা পাল থাকছেন না। সূত্র জানায়, সামাজিক মাধ্যমে এই সিনেমায় ইধিকা পালের থাকা নিয়ে গুঞ্জন ছড়ায়। কিন্তু শেষপর্যন্ত এই নায়িকা থাকবেন না বলে জানা গেছে।
বরাবরের মতো শাকিবের এই সিনেমা নিয়েও চলছে নানা আলোচনা। আছে অনেক গুঞ্জনও। যার ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে, শাকিব অভিনীত ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করবেন বলিউডের জাঁদরেল অভিনেতা জ্যাকি শ্রফ। বলার অপেক্ষা রাখে না, হঠাৎ ছড়ানো শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফÑ এই গুঞ্জন ‘প্রিন্স’ সিনেমা নিয়ে শাকিব ভক্ত ও সিনেমাপ্রেমীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

এ খবর যদি সত্যি হয়, তবে এটি বাংলাদেশ-ভারত যৌথ চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির কাজ চলছে জোরেশোরে। প্রযোজনা সূত্রের ঘনিষ্ঠ একটি মহল জানিয়েছে, জ্যাকি শ্রফের অংশগ্রহণ নিয়ে নির্মাতা দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় তার অংশের শুটিং হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে শাকিব খান আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ‘এবারের গল্প, নির্মাণ এবং কাস্টিং সবকিছুই আলাদা করে ভাবা হচ্ছে। বড় চমক থাকছে প্রিন্স-এ।’ সিনেমার প্রযোজক দলও নাম না প্রকাশের শর্তে বলেন, ‘দুই দেশের তারকা একসঙ্গে কাজ করলে দর্শকের আগ্রহ বেড়ে যায়। এই সিনেমা সেই দিকেই যাচ্ছে।’
এদিকে শাকিব খানের বহুল আলোচিত আসন্ন সিনেমা ‘প্রিন্স’ এবার পৌঁছে গেছে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের কাছেও। সিনেমাটি দেখে শুভকামনা জানিয়েছেন কিংবদন্তি এ অভিনেতা। গত শনিবার রাতে মুম্বাইয়ে ‘প্রিন্স’-এর ডিওপি অমিত রায়ের মাধ্যমে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করেন সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরীন সুলতানা। সেই সাক্ষাৎ হয়ে ওঠে তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।
সাক্ষাতের পর ‘প্রিন্স’-এর টিম জানায়, শাহেনশাহ অমিতাভ বচ্চন সিনেমাটির জন্য শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের পক্ষ থেকে এক পোস্টে বলা হয়, ‘সম্মানের মুহূর্ত! ‘প্রিন্স’ টিম মুম্বাইয়ে কিংবদন্তি অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে দেখা করার সৌভাগ্য অর্জন করেছে। তিনি সিনেমাটির জন্য আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ বিগ বি।
প্রিন্স সিনেমা পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে শিরিন সুলতানার প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘প্রিন্স’। অ্যাকশন ধাঁচের সিনেমাটি আগামী ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে নির্মিত হতে যাচ্ছে। সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।