প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১৪:০০ পিএম
ছবি: সংগৃহীত
বিয়ে করেছেন ঢাকাই সিনেমার নায়িকা প্রিয়াঙ্কা জামান। বরের নাম রাকিবুল হাসান। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং নারায়ণগঞ্জের একজন ব্যবসায়ী। গত ৯ নভেম্বর পুরান ঢাকায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বিয়ের পরের দিনেই নবদম্পতি ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন তারা।
প্রিয়াঙ্কা জামান বলেন, ‘রাকিবের সঙ্গে পরিচয় খুব বেশিদিনের নয়। কিন্তু অল্প দিনের পরিচয়ে আমি তাকে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি সে কেমন মানুষ, তার মানসিকতাও কেমন এবং আগামীতে আমাকে কতটা আগলে রাখতে পারবে নিজের করে সবকিছুরই বিবেচনা সাপেক্ষে আমি তাকে বিয়ে করেছি। মূল কথা আমি বিগত দিনে যেমন একটি মানুষের স্বপ্ন দেখে আসছি রাকিব ঠিক তেমনি একটি মানুষ।’
নারী জীবনের স্বপ্নই থাকে জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মনের মানুষ পাওয়া, রাকিব ঠিক তাই উল্লেখ করে প্রিয়াঙ্কা বলেন, রাকিবও আমাকে পেয়ে ভীষণ খুশি, আমি তার বিনয়ে মুগ্ধ, তার কেয়ারিংয়ে মুগ্ধ। বিয়ের পরের দিনই আমরা ওমরাহ হজ পালন করার জন্য রওনা হয়েছি। সবার কাছে দোয়া চাই আমরা যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি এবং বাকিটা জীবন সুখে দুঃখে একসঙ্গে কাটাতে পারি। আর ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’
প্রেম নয়, পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা-রাকিব। এ তথ্য জানিয়ে রাকিব বলেন, “একটি অনুষ্ঠানে প্রথম প্রিয়াঙ্কাকে দেখি, প্রথম দেখেই তাকে ভীষণ ভালো লেগেছিল। এরপর আমাদের মধ্যে দু-তিনবার দেখা হয়েছে। তবে প্রেমের সম্পর্কে না গিয়ে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিই, যা পরবর্তীতে পারিবারিকভাবে সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি খুব খুশি।”
ছোট ও বড় পর্দায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা জামান। এরই মধ্যে প্রিয়াঙ্কা জামান সজীব চিশতীর ‘গয়নার বাক্স’সহ একই পরিচালকের আরও দুটি নাটকে কাজ করেছেন। কিছুদিন আগে সুনামগঞ্জে প্রিয়াঙ্কা কামরুল হুদার রচনায় ও কামরুল হাসান সুজনের পরিচালনায় প্রিয়াঙ্কা ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’-এর কাজ শেষ করেছেন।