× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন সিনেমায় বুবলী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১১:৪০ এএম

নতুন সিনেমায় বুবলী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী এখন কিছুটা দূরে রয়েছেন সিনেমার পর্দা থেকে। একসময় টানা ব্যস্ত ছিলেন নতুন নতুন ছবির শুটিংয়ে, কিন্তু এখন সেই তীব্র ব্যস্ততা আর দেখা যায় না তার জীবনে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন প্রায়ই- বিশেষ করে শাকিব খান ইস্যুতে সামাজিক মাধ্যমে তাকে ঘিরে শুরু হয় নানা তর্ক-বিতর্ক। তবুও ভক্তদের মন জয় করতে জানেন বুবলী। মাঝেমধ্যেই তিনি হাজির হন রূপ-লাবণ্যে ভরপুর নতুন সব ছবিতে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি এমনই এক ফটোশুটে রাজকীয় রূপে ধরা দিয়েছেন তিনি। একটি বিউটি পার্লারের প্রমোশনাল ক্যাম্পেইনের জন্য করা ওই ফটোশুটে বুবলী ছিলেন মডেল হিসেবে। তার গ্ল্যামার, আত্মবিশ্বাসী ভঙ্গি আর স্টাইলিশ লুকÑ মুগ্ধ করেছে নেটিজেনদের। যদিও বর্তমানে চলচ্চিত্রের শুটিংয়ে নিয়মিত নন, তবুও ফটোশুট, ব্র্যান্ড প্রোমোশন ও বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে নিজেকে ব্যস্ত ও আলোচনায় রাখছেন এই ঢালিউড তারকা। সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে দেখা যায় নিজেকে নিত্যনতুন সাজে মেলে ধরতে। তবে এবার যে লুকে আবির্ভূত হয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। কারণ এবার বুবলী নিজেকে ধরা দিয়েছেন এক রাজসিক আবহে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেন শবনম বুবলী। সেই ছবি পোস্টের পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ঝড় ওঠে। অভিনেত্রীকে দেখা গেছে, অফ-শোল্ডার সাদা ফুলেল টপ আর কালো জমকালো গাউনে; যেন একেবারে হলিউড ডিভার মতো।

একটি কালো বিলাসবহুল স্পোর্টস কারের বনেটে বসে আছেন বুবলী, যা আলাদা মাত্রা এনে দিয়েছে। গাড়ির ইন্টেরিওর কালারও যেন মিশে গেছে তার রাজকীয় লুকের সঙ্গে। একদিকে ক্যামেরার লাস্যময়ী চাহনি, অন্যদিকে স্টিয়ারিংয়ে হাত রেখে এক আত্মবিশ্বাসী ভঙ্গিÑ সব মিলিয়ে যেন ফ্যাশনের এক জীবন্ত সিনেমা দেখিয়ে দিলেন অভিনেত্রী।

এই লুকের মূল আকর্ষণ অভিনেত্রীর পোশাক ও মেকওভার। সাদা ফুলেল নকশা টপের সঙ্গে কালো স্লিম-ফিট গাউন, যা তৈরি করেছে এলিগ্যান্ট কনট্রাস্ট। এ ছাড়া মাথায় ভেলযুক্ত হ্যাট আর কানে মুক্তার দুল যেন তাকে নিয়ে যায় স্টাইলের অনন্য এক মাত্রায়। এই ফটোশুটের ক্যাপশনেও উঠে এলো তার অভিব্যক্তি। এক বাক্যে নিজের আত্মবিশ্বাস, সাফল্য আর গ্ল্যামারÑ সবটাই তুলে ধরেছেন অভিনেত্রী। বুবলী বলেন, বসের মতো লড়ো, রানির মতো বাঁচো।

সামাজিক মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যেই বুবলীর এ ছবিগুলোতে ভরে গেছে হাজার হাজার লাইক ও মন্তব্যে। এক নেটিজেন লিখেছেন, এই লুক একেবারে কুইনের মতো। আরেক নেটিজেন লিখেছেন, এ যেন ঢালিউডের হলিউড সংস্করণ।

এ দিকে আবারও জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন আদর আজাদ ও শবনম বুবলী। সিনেমাটি নির্মিত হচ্ছে প্রেমের গল্পে। ‘ঢাকাইয়া দেবদাস’ নামে তা পরিচালনা করছেন নির্মাতা জাহিদ হোসেন। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে সিনেমাটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। জানা যায়, প্রেমের গল্পের পাশাপাশি এতে উঠে আসছে পুরান ঢাকার কৃষ্টি-কালচার। জাহিদ হোসেন জানান, ঢাকাইয়া দেবদাস মূলত প্রেমের গল্পের ছবি। তবে শুধু প্রেমের কাহিনী বলতে চান না তিনি।

নির্মাতা বলেন, ‘জাতি, ধর্ম, সম্প্রদায়ের ভাষা, সমাজ-সংস্কৃতি ভিত্তিক চলচ্চিত্র বিরল। আন্তর্জাতিক ক্ষেত্রে এমন বিষয়ের চলচ্চিত্রের সমাদর যথেষ্ট। সমাজ, ধর্ম, ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন হচ্ছে পুরান ঢাকা। রয়েছে হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্য এবং সব সম্প্রদায়ের সহাবস্থানের গৌরবোজ্জ্বল চিত্র। এখানে সবাই মিলে সাকরাইন, ঈদ, মহররম, নববর্ষ, ব্যবসা-বাণিজ্যের হালখাতা, পূজাপার্বণ উদযাপন করে। আরও অনেক সংস্কৃতি আছে, যেটা এখনকার প্রজন্মের অনেকেই জানে না। এসব সংস্কৃতিও উঠে আসবে দুটি মানুষের গল্পের মধ্য দিয়ে।’

তিনি জানান, এ গল্পে আরও থাকবে ঢাকাবাসীর জন্ম-মৃত্যু, বিয়েসহ পারিবারিক নানা বৈচিত্র্যময় কৃষ্টি ও সংস্কৃতি। থাকবে নববর্ষের গান, ক্বাসিদা, কাওয়ালি, হিজড়া সম্প্রদায়ের গানসহ শিয়াদের শোকের গান। থাকবে চলচ্চিত্রের নায়ক-নায়িকাসহ পুরান ঢাকার তরুণ-তরুণীদের প্রেম-ভালোবাসার ছন্দময় সংগীত।

সব ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় সিনেমাটির শুটিং শুরু হবে। আদর-বুবলী ছাড়াও এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা