প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ১৫:৩৭ পিএম
নাট্যব্যক্তিত্ব আলী যাকের (৬ নভেম্বর ১৯৪৪-২৭ নভেম্বর ২০২০)
খ্যাতিমান নাট্যজন প্রয়াত আলী যাকেরের আজ ৮২তম জন্মদিন। কখনও মঞ্চে তিনি প্রতিবাদী নুরলদীন, কখনও গ্যালিলিও, কখনও দেওয়ান গাজী। এ তিনটি আলোচিত চরিত্রে অভিনয় করে মঞ্চপ্রেমীদের কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন। তিনি দেশীয় বিজ্ঞাপন শিল্পেরও একজন পুরোধা ব্যক্তিত্ব। তার সহধর্মিণী সারা যাকের একজন জনপ্রিয় অভিনেত্রী।
১৯৭২ সালে আলী যাকের আরণ্যক নাট্যদলের হয়ে মামুনুর রশীদের নির্দেশনায় মুনীর চৌধুরীর কবর নাটকে প্রথম অভিনয় করেন। ওই বছর জুন মাসের দিকে তিনি আতাউর রহমান ও জিয়া হায়দারের আহ্বানে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন। ওই দলে তিনি আতাউর রহমানের নির্দেশনায় বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটকে প্রথম অভিনয় করেন, যার প্রথম মঞ্চায়ন হয়েছিল ওয়াপদা মিলনায়তনে। ১৯৭৩ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে তিনি প্রথম নির্দেশনা দেন বাদল সরকারের বাকি ইতিহাস নাটকে, যা ছিল বাংলাদেশে প্রথম দর্শনীর বিনিময়ে নাট্য প্রদর্শনীর যাত্রা। আলী যাকের ২০১০ সালের ডিসেম্বরে বাংলাভিশনের মুক্তিযুদ্ধ-বিষয়ক অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ উপস্থাপনা করেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের জন্য বিশ্বখ্যাত বিদেশি নাটকের বাংলা রূপান্তর আর নাটক নির্দেশনা এসব কাজে তিনি ব্যস্ত ছিলেন দীর্ঘদিন। ১৯৭৭ সালে আলী যাকের ও সারা যাকেরের বিয়ে হয়। এ দম্পতির দুই সন্তান, পুত্র অভিনেতা ইরেশ যাকের ও কন্যা শ্রিয়া সর্বজয়া। বের্টল্ট ব্রেশটের দ্য লাইফ অব গ্যালিলিও গ্যালিলি অবলম্বনে গ্যালিলিও নামে অনুবাদ নাটকে নামচরিত্র ‘গ্যালিলিও’ হিসেবে অভিনয়ের জন্য আলী যাকেরকে ‘বাংলার গ্যালিলিও’ হিসেবে আখ্যায়িত করা হয়।
শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। এ ছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক লাভ করেছেন। তিনি ২০২০ সালের ২৭ নভেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যান।