প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১২:০৫ পিএম
বলিউডে বহু দিন ধরেই গুঞ্জন- কে হবেন পর্দার চিরচেনা ‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীর জীবন অবলম্বনে নির্মিত বায়োপিকের মুখ? নানা সময় ভেসে এসেছে কৃতি শ্যানন, কিয়ারা আদভানি, এমনকি তৃপ্তি দিমরির নামও। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত হলো নায়িকার নাম- মীনা কুমারীর চরিত্রে দেখা যাবে কিয়ারা আদভানিকে।
ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত বহুল আলোচিত প্রজেক্ট ‘কামাল অউর মীনা’-তেই কিয়ারা জীবন্ত করে তুলবেন কিংবদন্তি মীনা কুমারীকে। আমরোহি পরিবার থেকেই মিলেছে জীবনীচিত্র নির্মাণের আনুষ্ঠানিক অনুমতি। কারণ সিনেমাটি মূলত মীনা কুমারী ও তার স্বামী, খ্যাতনামা পরিচালক কামাল আমরোহির তুমুল প্রেম ও বেদনাময় সম্পর্কের কাহিনী ঘিরে গড়ে উঠেছে।
‘পাকিজা’র শুটিং থেকেই শুরু হয়েছিল মীনা ও কামালের প্রেমযাত্রাÑ যার শেষটা ছিল অনিবার্য ট্র্যাজেডিতে। এই জটিল সম্পর্ক, ভালোবাসার উত্থান-পতন এবং আবেগের গভীর রসায়নই হবে সিনেমাটির মূল উপজীব্য। জানা গেছে, আমরোহি পরিবার নিজেই সিনেমাটির উদ্যোগ নিয়েছে এবং এটি হতে যাচ্ছে বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় ও ব্যয়বহুল জীবনীভিত্তিক প্রজেক্টগুলোর একটি।
নির্মাতাদের মতে, মীনা কুমারীর চরিত্রে কিয়ারার মধ্যে মিলবে সৌন্দর্য, গভীরতা ও সেই নীরব বিষণ্নতাÑ যা একসময় মীনার চোখে ঝলমল করত। এ চরিত্রের জন্য কিয়ারা শিখছেন উর্দু, গবেষণা করছেন মীনার অভিনয়ভঙ্গি ও ব্যক্তিগত জীবন নিয়ে। মা হওয়ার পর এ বায়োপিক দিয়েই বড়পর্দায় ফিরবেন তিনি এবং এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের প্রথম বায়োপিক।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২০২৬ সালে মুক্তির লক্ষ্যে আগামী বছরের প্রথমার্ধেই শুরু হবে ‘কামাল অউর মীনা’র শুটিং। তবে এখনও ঘোষণা হয়নি কে থাকবেন কিয়ারার বিপরীতে। এ নিয়েই এখন বলিউড মহলে নতুন কৌতূহল।
মীনা কুমারী ছিলেন ভারতীয় সিনেমার এক অনন্য নক্ষত্র, যার নাম উচ্চারণ মানেই অগণিত দুঃখের রঙে রাঙানো এক সৌন্দর্য। ‘বৈজু বাওরা’, ‘পরিণীতা’, ‘সাহেব বিবি অউর গোলাম’, ‘কাজল’, ‘পাকিজা’Ñ সবখানেই তিনি রেখে গেছেন অমোচনীয় ছাপ। মাত্র ৩৮ বছর বয়সে জীবনাবসান ঘটে এই অমর অভিনেত্রীর।
বলিউড বিশ্লেষকদের মতে, ‘কামাল অউর মীনা’ কিয়ারার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র হতে চলেছেÑ যেখানে তাকে এক নারীকে ফুটিয়ে তুলতে হবে, যার জীবন ভরা ভালোবাসা, অপমান, একাকিত্ব ও নিঃশব্দ যন্ত্রণায়। সেই গভীর বেদনাকে সত্যিকার অর্থে ধারণ করতে পারলেই কিয়ারা আদভানি হবেন নতুন প্রজন্মের ‘ট্র্যাজেডি কুইন’।