প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১২:১৪ পিএম
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। হিন্দি কিংবা বাংলাÑ দুই ভাষার দর্শক-শ্রোতাদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন তিনি। ভারতের বাইরেও রয়েছে তার অসংখ্য ভক্ত। তার কনসার্ট মানেই ভক্তদের উন্মাদনা, উপচে পড়া ভিড়। প্রায় এক দশক পর বাংলাদেশে গান শোনাতে আসছেন অরিজিৎ। অনলাইন টিকিট টুমোরো প্লাটফর্ম থেকে অরিজিতের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে টিকিট টুমোরো প্লাটফর্মের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। বিভিন্ন কনসার্টের দৃশ্য কোলাজ করে তৈরি সেই ভিডিওতে দেখা যাচ্ছে স্টেজে পারফর্ম করছেন অরিজিৎ। ব্যাকগ্রাউন্ডে বাজছে তার গাওয়া ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ‘ইলাহি মেরা’ গানটি। ক্যাপশনে লেখা হয়েছে, অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা।
আয়োজনের টিকিট পার্টনার হিসেবে আছে টিকিট টুমোরো। এই প্লাটফর্মেই পাওয়া যাবে অগ্রিম টিকিট, যথাসময়ে জানানো হবে তারিখ। এ ছাড়া আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বিস্তারিত। কারা আয়োজন করছে জানতে চাইলে, পলিসিগত কারণে তা প্রকাশ করতে চাইল না প্রতিষ্ঠানটি। সবশেষ ২০১৬ সালে আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামের কনসার্টে পারফর্ম করেন অরিজিৎ। এদিকে আগামী নভেম্বরে ঢাকা মাতাতে আসছেন আরেক ভারতীয় শিল্পী অনুভ জৈন। অরোরা নাইট শীর্ষক কনসার্টটি আয়োজন করছে হাইপ ন্যাশন। এই কনসার্টেরও তারিখ ও ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি।