প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১০:০৫ এএম
ইধিকা পাল
বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ- দুই বাংলার পর্দাতেই এখন তিনি পরিচিত নাম। টেলিভিশনের নিয়মিত মুখ থেকে এক লাফে বড়পর্দার তারকা- এই রূপকথার নায়িকার নাম ইধিকা পাল। একসময় টালিউডের জনপ্রিয় ধারাবাহিকগুলোয় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
কিন্তু ২০২৩ সালের জুনেই তার জীবনের মোড় ঘুরে যায়, সেই সময়েই মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’, যেখানে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ইধিকা। আর সেই এক সিনেমাই যেন খুলে দেয় সাফল্যের সোনার দরজা। এরপর একের পর এক প্রস্তাব আসে তার হাতে। টালিউড সুপারস্টার দেবের সঙ্গে করেন ‘খাদান’; যা ব্যবসায়িকভাবেও সফল হয় এবং দর্শকের কাছে জনপ্রিয় হয় দেব-ইধিকা জুটি। তারপর ফের ঢাকাই সিনেমায় ফিরে আসেন তিনি, শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করে। সেখানে তার চরিত্র নীতু, যে আবারও প্রমাণ করে ইধিকা কেবল গ্ল্যামার নয়, অভিনয়েও দারুণ পারদর্শী। এরপর তার ঝুলিতে যোগ হয় আরও দুটি সফল কাজÑ ‘বহুরূপ’ ও ‘রঘু ডাকাত’। এবার শোবিজ অঙ্গনে নতুন গুঞ্জনÑ ইধিকা আবারও শাকিব খানের বিপরীতে ফিরছেন, এবার ‘প্রিন্স’ সিনেমায়! শোনা যাচ্ছে, ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় নায়িকা হিসেবে ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছেন ইধিকা পাল। প্রিন্স ছবির গল্প সাজানো হয়েছে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে; যেখানে থাকবে অপরাধ, প্রেম, অ্যাকশন ও আবেগের দারুণ মিশেল। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত, গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর চিত্রনাট্যে আছেন তিনি নিজে ও মোহাম্মদ নাজিম উদ্দিন।