বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২ ১৫:৫৯ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২ ১৬:৫৮ পিএম
ঢাকাই সিনেমার তারকা অভিনেতা আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী জুটির সিনেমা ‘নূর’ সেন্সর ছাড়পত্র পেল। এটি নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটি হয়ে আবারও পর্দায় দেখা যাবে তাদের।
চলতি বছরের জুলাইয়ে ছবিটি প্রথম সেন্সরে গিয়েছিল। সে সময় কারিগরি ত্রুটি থাকায় ছবিটি মুক্তির অনুমতি দেয়নি সেন্সর বোর্ড। সেই সঙ্গে নতুন করে সম্পাদনা ও সাউন্ড ডিজাইন কাজ করে বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেয় প্রতিষ্ঠানটি।
ছবিটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা রাফি বলেন, ‘চার মাস আগেই আমরা নূরের সেন্সর পেয়েছি। এর আগে সেন্সর বোর্ড ছবিটির কিছু সংশোধন দিয়েছিলেন। আমরা তাদের কথার সম্মান জানিয়ে নতুন করে সব কাজ শেষে জমা দিলে সেন্সর বোর্ড আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছে।’
তবে এখনই আনুষ্ঠানিক ঘোষণা দেবে না বলে জানিয়েছেন নির্মাতা। নূর ছবিটি নিয়ে তাদের একটি প্ল্যান আছে এবং মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলে জানান রাফি।
প্রসঙ্গত, ছবির নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন শুভ। আর সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।