প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১২:৫৪ পিএম
‘হাসতে হাসতে খুন করে দেব’ মাসখানেক আগে এমনই একটি রহস্যঘন ক্যাপশন দিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
ছবিতে দেখা গিয়েছিল, জানালার ধারে বসে হাতে রক্তমাখা ছুরি ধরে রয়েছেন তিনি। পাশে ছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। সেই ছবিকে ঘিরেই জল্পনা শুরু হয়েছিল তাদের নতুন কোনো সিনেমা কি আসছে? অবশেষে দীপাবলির আলোয় প্রকাশ্যে এলো সেই ছবির নেপথ্য কাহিনী। সামনে এসেছে শুভশ্রীর নতুন সিনেমা ‘ওয়েটিং রুম’-এর ফার্স্ট লুক।
চলতি বছর ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। দেবের বিপরীতে জুটি বেঁধে ব্যবসাসফল ছবি উপহার দিয়েছে তিনি। আবারও নায়িকার ভক্তদের জন্য সুখবর। আর সেটি হলো ‘ওয়েটিং রুম’ নামে নতুন একটি ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন শুভশ্রী। এটি পরিচালনা করবেন কৌশিক গাঙ্গুলি। এরই মধ্যে ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। এতে নায়িকার রক্তাক্ত লুক চমকে দিয়েছে।
শোনা যাচ্ছে, এ ছবিকে থ্রিলার বলে ধারণা করে করা হলেও এ ছবি ঠিক তেমনটা নয়। এ ছবি নাকি হতে চলেছে সোশ্যাল ড্রামা। এতে শুভশ্রীর চরিত্রের নাম ‘দীপা’। তারই জীবনসফর ফুটে উঠবে এ ছবিতে। শুভশ্রী ছাড়াও এ ছবিতে অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রেশমি সেন প্রমুখ। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত।