প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১২:৫৭ পিএম
শাকিব খান, আফরান নিশো ও শরিফুল রাজ বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের আলোচিত তিন তারকা। দেশের চলচ্চিত্র অঙ্গনের ক্যালেন্ডারের পাতা উল্টালেই দেখা যায়, এখনও রাজত্ব করছেন সেই পরিচিত মুখগুলোই। সময় বদলেছে, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারা।
যদিও প্রায় সবারই লক্ষ্য থাকে ঈদের মতো উৎসব ঘিরে নতুন সিনেমা মুক্তি দেওয়া, তবু বছরের অন্য সময়গুলোয়ও থেমে নেই তাদের ব্যস্ততা। নতুন প্রজেক্টের পরিকল্পনা, মিটিং, শুটিং, পোস্টার ও প্রচারণা— সব মিলিয়ে সারা বছরই সরগরম থাকে তাদের দিনযাপন। প্রযোজনা সংস্থা, ম্যানেজার ও ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া তথ্য ঘেঁটে তৈরি হলো ঢালিউডের এই তিন নায়কের সাম্প্রতিক ব্যস্ততার চিত্র।
শাকিবের ‘প্রিন্স’
নব্বই দশকের ঢাকা মহানগরের আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিত আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা।’ ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমাটিতে থাকছে রোমান্স, ক্রাইম আর অ্যাকশনের সংমিশ্রণ। আর বড় খবর হচ্ছেÑ এই সিনেমায় যুক্ত থাকবেন বলিউডের ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) অমিত রায়। অমিত রায়ের যুক্ত হওয়া প্রসঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘আমরা শুরু থেকেই বলছিলাম প্রিন্স হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স। সেই ভিশনকেই শক্তিশালী করতে আমাদের সঙ্গে যুক্ত হলেন অমিত রায়। আমি নিশ্চিত, তিনি বাংলাদেশের দর্শকদের জন্য এমন ভিজুয়াল নিয়ে আসবেন, যা আগে কেউ দেখেনি।’ প্রিন্স সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। এর মধ্যে দুটি পরিচিত মুখ আর একটি চরিত্রে লঞ্চ করা হবে নতুন মুখ। তবে এখনও ঘোষণা করা হয়নি নায়িকাদের নাম। আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে ‘প্রিন্স’।
নিশোর ‘দম’
‘দম’ সিনেমার মাধ্যমে বহু বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি । তার ভাষায়, ‘দম নিয়ে দম বানাতে আসছি।’ তিনি আরও বলেন, সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সিনেমার কাহিনী, যেখানে থাকবে সারভাইভাল ড্রামা।
দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। বলতে পারেন, ‘পাওয়ার অব আ কমন ম্যান’ নিয়েই কাজ করছি। চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে, যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা জোগাবে। রেদওয়ান রনির নতুন সিনেমায় পূজাই থাকছেন নায়িকা হিসেবে। দম নামের এই সিনেমায় এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। দম আগামী বছরের ঈদুল ফিতর কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই সূত্রে জানা গেছে, অক্টোবরের শেষ সপ্তাহে কাজাখস্তানে শুরু হবে সিনেমাটির শুটিং। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। গল্প, নির্মাণ ও শিল্পী নির্বাচন সবকিছুতেই বড় আয়োজনের ইঙ্গিত মিলছে এরই মধ্যে। নির্মাতা রেদওয়ান রনি জানান, বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সিনেমাটি। অভিনেতা আফরান নিশো বলেন, ‘এই সিনেমায় পারফরম্যান্সের অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের গল্প আমি আগে দেখিনি।’ অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেন, ‘দম সিনেমার গল্পটা অসাধারণ। আগে এ ধরনের গল্পে কাজ হয়নি। খুবই চ্যালেঞ্জিং। আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন।’
রাজের ‘বনলতা এক্সপ্রেস’
নব্বইয়ের দশকের আবহ, জনপ্রিয় একঝাঁক তারকা অভিনেতা আর যত্নশীল নির্মাণÑ সব মিলিয়ে গত পবিত্র ঈদুল আজহায় দর্শকদের দারুণভাবে চমকে দিয়েছিল তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘উৎসব’। সমালোচক ও দর্শক দুই মহলেই ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দীর্ঘদিন। কিছুদিন আগে পরিচালক জানিয়েছেন, তার নতুন সিনেমা নির্মিত হবে হুমায়ূন আহমেদের একটি উপন্যাস অবলম্বনে। এরপর থেকেই কৌতূহল দানা বাঁধে, কোন উপন্যাস নিয়ে আসছেন তিনি? আর নতুন ছবিতে কারা থাকছেন? এ প্রশ্নে তোলপাড় শুরু হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
উৎসবখ্যাত পরিচালক তানিম নূর এবার জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে একটি সিনেমা নির্মাণ করতে চলেছেন। শোনা যাচ্ছে, এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী। বর্তমানে চলছে এই সিনেমার স্ক্রিপ্ট লেখার কাজ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে সিনেমাটির শুটিং। মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে। নির্মাতা জানালেন, ‘বনলতা এক্সপ্রেস’ হতে যাচ্ছে বহু তারকার সমাবেশ। অভিনয়শিল্পীদের নাম নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন তানিম নূর। তিনি ইচ্ছে করেই রহস্যটা ধরে রাখতে চাইছেন। তবে প্রোডাকশন টিমের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে দেখা যাবে। এ নিয়ে আর কোনো সংশয়ের সুযোগ নেই। দীর্ঘদিন ধরে দর্শকের পছন্দের এই দুই শক্তিমান অভিনেতা এবার একই ফ্রেমে হাজির হচ্ছেন বনলতা এক্সপ্রেসে। শুধু তাই নয়, আলোচনায় আছে আরও দুটি জনপ্রিয় নাম শরীফুল রাজ ও সাবিলা নূর।