প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১২:৫২ পিএম
জয়া আহসান
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকার মেয়ে হয়েও টানা এক যুগেরও বেশি সময় ধরে কলকাতার সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। তার সব কথা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন। গতকাল বুধবার সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে মায়ের বিয়ের শাড়ি পরে ছবি পোস্ট করেন। এর সঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন।
পোস্টে জয়া আহসান লিখেছেন, এই ছবিগুলোতে যে দুটো শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর; আসলে এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি। একটা বিয়ের, একটা বউভাতের। বাবা কিনে নিয়ে গেছিলেন কলকাতা থেকেই। সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা, এখনও ঠিক যেন নতুন নতুন বিবাহের গন্ধে ভরপুর।

তিনি লেখেন, এই দুটো শাড়ি নিয়ে সেই কিশোরী বেলা থেকে আমরা দুই বোন কী কাড়াকাড়িটাই না করেছি! বিবাদ হোক বা খুনসুটি যাই বলি না কেন, সেটা হতো কে কোনটা নেবে তা-ই নিয়ে! আমি বলতাম নীলটা আমার, বোনের পছন্দ ছিল টুকটুকে লালটা! কখনও কখনও কিশোরী খেয়ালে পছন্দ যে ওলটপালট হতো না, তা নয়। পরে বুঝেছি এই দুটো শাড়ি-ই আমাদের কাছে অমূল্য সম্পদের মতো আর তাতেই এত টান। তিনি আরও লেখেন, মৌসুমী ভৌমিকের গানের সেই যে মরমি লাইনটা, কিছু ফেলতে পারি না আমার হয়েছে সেই অবস্থা। সবকিছুর ওপরই স্নেহ, একটা অদ্ভুত মায়া। আমার মায়ের যত পুরাতন শাড়ি, মায়ের বিয়ের শাড়ি, আমার জন্মের আগে মায়ের স্বাদ ভক্ষণের শাড়িÑ সব রয়ে গেছে আমার কাছে। আলমারির যত্নে, ন্যাপথলিনের রূপকথায় আত্মকথার ইতিহাস। আর আমার মাতৃতান্ত্রিক শ্রদ্ধাজ্ঞাপন মাত্র।
সর্বশেষ এই নায়িকা লেখেন, এবার হঠাৎ করেই সুযোগ হলো এই দুটো শাড়ি পরার। সুন্দর করে স্টাইলিং করে ছবিগুলো তুললাম। আশা করি সবার পছন্দ হবে এই ফটোশুট।