প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ১৩:৪৬ পিএম
মাহিয়া মাহি
বছরখানেক আগে শেষবারের মতো বড়পর্দায় দেখা যায় মাহিয়া মাহিকে। ‘রাজকুমার’ নামে সে ছবিতে তার চরিত্রটি ছিল অতিথির। অল্প সময়ের সেই উপস্থিতি তাকে আলোচনায় আনতে পারেনি। তার আগে অবশ্য ‘বুবুজান’ ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী ছিলেন।
সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটা সময় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতেও জড়িয়ে পড়েন এই তারকা। অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে। শেষ পর্যন্ত নির্বাচনে হেরে সিনেমায় আবার নিয়মিত হতে চেয়েছিলেন। কিন্তু তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আছেন তিনি। এরই মধ্যে গত বুধবার জাজ মাল্টিমিডিয়া ‘অন্তর্যামী’ নতুন সিনেমার ঘোষণা দিল। ছবির পোস্টার প্রকাশ করে এসেছে ঘোষণাটি। সেই পোস্টারে দেখা গেছে মাহিয়া মাহিকে। ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির।
এদিকে মাহি নিজেও ফেসবুকে পোস্টটি শেয়ার করেছেন। তিনি ছবিটির শুটিং করতে অপেক্ষায় রয়েছেন। জাজ মাল্টিমিডিয়া ফেসবুক পেজে ‘অন্তর্যামী’ থিমিটিক পোস্টার দিয়ে লিখেছে, ‘অন্তর্যামী’ একটি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো নায়ক নেই। ‘অন্তর্যামী’কে ‘অগ্নি-২’-এর পরের গল্প বলতে পারেন। কিন্তু এই সিনেমা অগ্নি না, কারণ অগ্নি হবে প্রতিশোধের গল্প। আর ‘অন্তর্যামী’ হলো সারভাইভাল স্টোরি।