× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার শাকিবের বিপরীতে ফারিণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ১৩:৪৪ পিএম

এবার শাকিবের বিপরীতে ফারিণ

চার মাস আগের ঘটনা। এক পুরস্কার মঞ্চে সঞ্চালনায় ছিলেন তাসনিয়া ফারিণ, তার সহসঞ্চালক ছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অনুষ্ঠান চলার একপর্যায়ে পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে ওঠেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আলাপচারিতার মাঝেই ফারিণ খোলামেলাভাবে জানিয়ে দেন- শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করা তার স্বপ্ন। সেই স্বপ্নই এবার বাস্তবে রূপ নিতে চলেছে।

শোনা যাচ্ছে, শাকিব খানের আগামী ছবি ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’তে নায়িকাদের একজন হিসেবে যুক্ত হতে যাচ্ছেন তাসনিয়া ফারিণ। আগে এই ছবিতে ইধিকা পালের নাম শোনা গেলেও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, দ্বিতীয় নায়িকা হিসেবে ফারিণ এখন প্রায় চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। পুরস্কারের মঞ্চে শাকিব খানের হাত ধরে ফারিণ বলেছিলেন, ‘ভাইয়া, আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। প্লিজ, আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’

এরপর পাশ থেকে ফারিণকে উদ্দেশ করে আফরান নিশোকে বলতে শোনা যায়, ‘তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে?’ সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিণ বলেন, ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সঙ্গে কাজ করা কি কারও স্বপ্ন থাকে?’

পাশ থেকে হাসিমুখে ফারিণকে উদ্দেশ করে শাকিব খান বলেন, ‘তোমার অডিশন লাগবে না।’ অবশেষে ফারিণের সেই সুযোগ এসেছে, শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তিন নায়িকার একজন হতে চলছেন তিনি। ‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। এরই মধ্যে এই সিনেমার পরিচালক ও প্রযোজকের সঙ্গে ফারিণের প্রাথমিক সব কথাবার্তা হয়েছে। জানা গেছে, ফারিণও বেশ আগ্রহী শাকিব খানের সঙ্গে কাজ করতে। চরিত্রটিও পছন্দ হয়েছে। যেকোনো সময় আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তবে এ নিয়ে আপাতত পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান এবং ফারিণ কেউই কিছু বলতে চাইছেন না। ভারতীয় সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশে প্রথম অভিনয় করেন শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায়। এ সিনেমা তাকে রাতারাতি তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এর পর চলতি বছরের ব্লকবাস্টার সিনেমা ‘বরবাদ’ এও শাকিবের বিপরীতে ছিলেন ইধিকা পাল। ‘প্রিন্স’ হবে শাকিব খানের সঙ্গে তার তৃতীয় চলচ্চিত্র। অন্যদিকে তাসনিয়া ফারিণের সবকিছু ঠিকঠাক হলে এটি হবে শাকিবের সঙ্গে তার প্রথম চলচ্চিত্র।

টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড়পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা করেছেন ঢালিউডে। এদিকে এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে। ফারিণ বলেন, ‘আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। এ কারণেই প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা; যেখানে নিজের ভাবনাগুলো পর্দায় দেখাতে পারব।’ ফারিণ আরও জানান, চলতি বছরের শেষ দিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান। গত বছর ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘রঙে রঙে রঙিন হব’ দিয়ে গানেও পরিচিতি পান ফারিণ। এতে তার সহশিল্পী ছিলেন তাহসান খান। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল। ইত্যাদিতে প্রচারের পর জনপ্রিয় হয় গানটি। এর পরই নতুন গান প্রকাশের ঘোষণা দিয়েছিলেন ফারিণ। নিজের গাওয়া নতুন গান দিয়েই প্রযোজনা শুরু করছেন ফারিণ। এবারের গানটিরও সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল। ফারিণের সঙ্গে কণ্ঠও দিয়েছেন ইমরান। ইতোমধ্যে শেষ হয়েছে মিউজিক ভিডিওর কাজ। গানের শিরোনাম, গীতিকার, ভিডিও নির্দেশকের নামসহ বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে চান না। কিছুদিন পর জানাবেন আনুষ্ঠানিকভাবে। তবে ফারিণ জানিয়েছেন, নতুন গানটি সব মিলিয়ে ভালো হয়েছে। আগেরটির মতো এ গানও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদী তিনি। তবে এবার শাকিব-ফারিণ জুটি দর্শকদের কেমন মাতাবে, সেই অপেক্ষায় সবাই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা