প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১২:০৭ পিএম
নাজিফা তুষি
এক দশকের মিডিয়া ক্যারিয়ার। সৌন্দর্য ও মেধার যোগসূত্র হলে যে ভালো কিছু হয়, তার প্রমাণ তিনি দিয়েছেন অনেক আগেই। রুপালি পর্দা ও ওটিটিতে নিজেকে তিনি তুলে ধরেছেন নানা অবয়বে। ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন নাজিফা তুষি। এরপর রচিত হয় শুধুই এগিয়ে চলার গল্প। গতকাল বুধবার ছিল তার জন্মদিন।
এদিনে নতুন কাজের চমকেরও আভাস দিলেন তিনি। তুষি জানান, রাত ১২টার পর থেকেই শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন। সেইসব শুভেচ্ছা উপভোগ করছেন। ঘরোয়াভাবে প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে দিনটা উপভোগ করছেন এ লাক্স তারকা। ‘জন্মদিন কখনও ঘটা করে পালন করার পক্ষপাতী নই’, জানালেন তুষি। বললেন, ‘বাসায় বসে ঘরোয়াভাবেই কাটবে দিনটি। কাছের মানুষের সঙ্গে সময় কাটাব। মাঝে মাঝে সারপ্রাইজও পাই। তখন ভালোই লাগে। বিশেষ দিনে প্রিয় মুখগুলো দেখতে পারলেই আমার আনন্দ হয়।’ বর্তমানে বেশকিছু ভালো কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন নাজিফা তুষি। এই মুহূর্তে রায়হান রাফির ‘আন্ধার’ সিনেমায় কাজ করছেন। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। আব্দুল্লাহ মুহাম্মদ সাদের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। সেটি এখনও প্রকাশ হয়নি। তাকে দেখা যাবে সরকারি অনুদানের সিনেমা ‘সখী রঙ্গমালা’-তেও। এই ছবির শুটিং এখনও শুরু করেননি তিনি। তুষির মতে, এই কাজগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হবেন তিনি। গল্প ও চরিত্রে থাকবে চমক।
২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে শোবিজে নাম লেখান তুষি। ২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক তুষির। এরপর দীর্ঘদিন ছিলেন বড়পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে ‘হাওয়া’ দিয়ে নিজের জাত চেনান তিনি।