প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১২:২২ পিএম
স্কারলেট জোহানসন
ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ‘ট্যাঙ্গেলড’ আবার ফিরছে লাইভ অ্যাকশন রূপে। নানা জটিলতায় স্থগিত হওয়ার খবর ছড়ালেও নতুন করে গতি পেয়েছে প্রকল্পটি। ডেডলাইনের প্রতিবেদনে জানা গেছে, মাদার গথেল চরিত্রে আলোচনায় রয়েছেন স্কারলেট জোহানসন। পরিচালনায় থাকছেন দ্য গ্রেটেস্ট শোম্যান খ্যাত মাইকেল গ্রেসি এবং চিত্রনাট্যে জেনিফার কাইটিন রবিনসন।
‘লিটল মারমেইড’ ও ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এর মতো সফল লাইভ অ্যাকশনগুলোর পর ডিজনি এবার বড় বাজি ধরছে ট্যাঙ্গেলডে। তবে ভক্তদের বড় প্রশ্ন- রাপুনজেল ও ফ্লিন রাইডারের ভূমিকায় আসছেন কে? এখনই তা গোপন রাখা হলেও গুঞ্জন আছে, সাবরিনা কার্পেন্টার ও মাইলো ম্যানহাইম হতে পারেন নতুন জুটি। ডিজনির সাম্প্রতিক কয়েকটি লাইভ অ্যাকশনÑ লিটল মারমেইড, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট ও লিলো অ্যান্ড স্টিচ বাণিজ্যিকভাবে সফল হয়েছে। তাই ট্যাঙ্গেলড নিয়েও প্রত্যাশা অনেক।
২০১০ সালের অ্যানিমেটেড সংস্করণ দর্শকের মনে এখনও অমলিন। এবার অপেক্ষা সেই জাদুকরী গল্প আবার নতুনভাবে পর্দা কাঁপাবে কি না।