প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১১:৩১ এএম
বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিমের রিল ও রিয়েল লাইফের বেশিরভাগ গল্পই ভক্তদের জানা। সোশ্যাল হ্যান্ডেলের সুবাদে তার ব্যক্তিজীবনের নিয়মিত স্থিরচিত্র মেলে। এসবের বাইরে গিয়ে তিনি এবার অভিনয় ও ব্যক্তিজীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরেছেন।
সেলিব্রিটি শো ‘স্টার নাইট’-এর অতিথি হয়ে এসে ইন্ডাস্ট্রিতে পথচলায় ভালো-মন্দ নানা রকম অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা, সংগ্রাম ও সাফল্যের গল্প বলেন মিম। সেই সঙ্গে তার সহকর্মী, কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলেন। অনুষ্ঠানে তার প্রিয় গান, নাটক, চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হয়। ছোট থেকেই মিম সবাইকে রোজার মাসে ইফতার করান, কোরবানির ঈদে কোরবানির মাংস গরিবের মাঝে বিলিয়ে দেন। কোন ভাবনা থেকে এমনটা করেন এ প্রশ্নে মিম বলেন, ‘শৈশব থেকেই আমি এভাবে বড় হয়েছি। ছোটবেলা থেকেই এভাবেই ইফতার করি। তখন সোশ্যাল মিডিয়া না থাকায় কেউ জানত না যেটা এখন মানুষ জানতে পারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি তাই।’
মিম অ্যারাবিক নাম। এ নাম রাখার পেছনের গল্প জানাতে গিয়ে মিম বলেন, ‘ভোলাতে থাকতে যে বাসায় ভাড়া থাকতাম আমরা সেখানের মহসিন আংকেল আমার এই নামটা রেখেছিলেন।’ ২০০৮ সালে বড়পর্দায় অভিষেকের পর ১৭ বছর কেটে গেছে মিমের। মিম বলেন, এ লম্বা সময়ে অনেক সময় মনে হয় অনেক অপূর্ণতা আছে। পরে মনে হয় আসলে এক জীবনে সব পেয়ে যাব তা নয়, কিছু অপূর্ণতা যেমন থাকবে, অনেক প্রাপ্তিও আছে বলে জানান তিনি। এ ছাড়াও জানান তিনি অনেক শৃঙ্খলার মধ্যে থাকতে পছন্দ করেন।
ব্যক্তিগত জীবনে সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন এই অভিনেত্রী। বিয়ের পর থেকে দারুণ সময় উপভোগ করছেন ‘আমার আছে জল’খ্যাত এই তারকা। আলাপচারিতায় সঞ্চালক জানান, লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মঞ্চে অভিনেত্রী সারা যাকের তোমার কাছে জানতে চেয়েছিলেন, বড় লোকের ছেলে নাকি ভালো ছাত্রÑ কাকে তুমি জীবনসঙ্গী হিসেবে চাও? তুমি জবাব দিয়েছিলে, ‘ভালো ছাত্রকে বিয়ে করতে চাই। তোমার বর সনি পোদ্দার কতটা ভালো ছাত্র?’ এ প্রশ্নের জবাবে বিদ্যা সিনহা মিম বলেন, ‘অনেক ভালো’। বলেই হাসতে থাকেন এই অভিনেত্রী। এরপর মিম বলেন, ‘হ্যাঁ, ও অনেক ভালো মনের মানুষ।’ এরপর সঞ্চালক বলেন, ‘তুমি তো তাকে অনেক কষ্ট দাও।’ এ কথা শুনে বিস্ময়ভরা কণ্ঠে মিম বলেন, ‘আমি! কী কষ্ট দিই?’ জবাবে সঞ্চালিকা বলেন, ‘বেচারা! তোমার পারফেক্ট ছবি তুলতে গিয়ে লোকটি যে কত কষ্টের মধ্য দিয়ে যায়।’ এ কথার সঙ্গে সহমত পোষণ করে মিম বলেন, ‘হ্যাঁ, এটা সত্য। ওর সঙ্গে ঝগড়াটাই লাগে ছবি তোলা নিয়ে। আরও একটা কারণে ঝগড়া লাগে। দেখা গেল, ও ছবিতে নেই। কিন্তু ও যে আমার ছবি তুলল, সেটা কেন ভালো হয় না, তা নিয়েও ঝগড়া লাগে। ফ্রেমট্রেম কিছু না বুঝেই আমার কিছু ছবি তুলল, তারপর ঝগড়া লেগে যায়। কারণ ওসব ছবির একটাও সুন্দর না, একটাও ফেসবুকে পোস্ট করা যাবে না।’

কিছুটা ব্যাখ্যা করে মিম বলেন, ‘এরপর দেখা যায়, ও রেগে যায়। হয়তো গরমের মধ্যে শুট করছে। ও বলে, ‘এর থেকে ভালো ছবি তুলতে পারব না।’ এ কথা বলেই ফোনটা রেখে চলে যায়।’ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেÑ ‘তোমাদের ভালোবাসা সমুদ্রের মতো গভীর।’ আমার প্রশ্ন হলো, ‘তোমার কোন অপূর্ণতা তিনি পূরণ করেছেন?’ জবাবে মিম বলেন, ‘আমার মা-বাবা সবকিছুর সাপোর্ট দেয়। কিন্তু ও থাকাতে আমার নিজেকে হালকা ফিল হয়। আমার মনে হয়, ও তো আছে, ও সবকিছু দেখবে। সুতরাং আমার প্রেসার কমেছে।’
এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর গড়ে ওঠে বন্ধুত্ব ও প্রেম। প্রায় অর্ধযুগ সম্পর্কে থাকার পর ২০২১ সালের ১০ নভেম্বর সনির সঙ্গে বাগদান সারেন। ২০২২ সালের ৪ জানুয়ারি, রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সনাতন ধর্মরীতি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। সনির বাড়ি কুমিল্লায়। পেশায় বেসরকারি ব্যাংক কর্মকর্তা।
মিমের সর্বশেষ আলোচিত সিনেমা পরাণ (রায়হান রাফী পরিচালিত) এবং মানুষ (সঞ্জয় সমাদ্দার পরিচালিত, বিপরীতে ছিলেন কলকাতার সুপারস্টার জিৎ)। এই দুটি সিনেমায় তার অভিনয় প্রশংসিত হলেও এরপর থেকে বড়পর্দায় তার উপস্থিতি অনেকটাই কমে গেছে। বর্তমানে মিমের হাতে তিনটি নতুন সিনেমার কাজ রয়েছে বলে জানা গেলেও সেগুলোর নাম বা অগ্রগতি প্রকাশ্যে আসেনি। ওয়েব প্লাটফর্মে কাজের অফার থাকলেও গল্প বা বাজেটের কারণে তিনি অনেক প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। তার ভাষায়, ‘গল্প ভালো হলেও বাজেটে মেলে না, আবার বাজেট থাকলেও গল্পে ঘাটতি থাকে।’