প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৩:০০ পিএম
বলিউডের হরর-কমেডি সাম্রাজ্যে নতুন সংযোজন আনতে যাচ্ছে ম্যাডক ফিল্মসের আসন্ন সিনেমা ‘থাম্মা’। ছবিটির দ্বিতীয় গান ‘দিলবার কি আঁখো কা’ প্রকাশের পর থেকেই তা ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে আছেন বলিউডের অনন্য আইটেম কুইন নোরা ফাতেহি- যিনি আবারও প্রমাণ করলেন, নাচের মঞ্চে তিনি যেন এক অপ্রতিরোধ্য শক্তি। ‘স্ত্রী’-এর ‘কামরিয়া’ দিয়ে ম্যাডক ইউনিভার্সে যাত্রা শুরু করেছিলেন নোরা। এবার ‘থাম্মা’-তে তার ফেরা যেন এক ‘ফুল সার্কেল মোমেন্ট’ একই প্রযোজনা ঘরের সঙ্গে নতুন আঙ্গিকে পুনর্মিলন।
গানটির মূল আকর্ষণ রেট্রো গ্ল্যামার আর আধুনিক বিটের এক অনন্য মিশ্রণ। পুরনো বলিউডের সোনালি আবহকে এখানে নতুন যুগের এনার্জি দিয়ে সাজিয়েছেন সুরকার জুটি সচিন-জিগার। তাদের মতে, ‘এই গানটা শুধু শোনার জন্য নয়- এটা অনুভব করার মতো একটি ভিজ্যুয়াল মিউজিক এক্সপেরিয়েন্স।’ কণ্ঠ দিয়েছেন শক্তিশালী ভোকাল রাশমিত কর, যিনি গানে এনেছেন আবেগ ও তেজের মেলবন্ধন।
-68e75d51ce61d.jpg)
নৃত্যপরিচালক বিজয় গাঙ্গুলীর কোরিওগ্রাফিতে প্রতিটি বিট যেন নিখুঁতভাবে নোরার গতির সঙ্গে তাল মিলিয়েছে। নিজে উচ্ছ্বসিত নোরা বলেন, ‘দিলবার কি আঁখো কা আমার জন্য একদম ভিন্ন অভিজ্ঞতা। প্রতিটি মুভমেন্টে আমি সেই রেট্রো যুগের ঝলক অনুভব করেছি। এটা শুধু একটি ডান্স নাম্বার নয়, বরং গ্ল্যামার ও এনার্জির উৎসব।’ গীতিকার অমিতাভ ভট্টাচার্য তার স্বকীয় ভঙ্গিতে গানে এনেছেন শব্দের খেলা, রোমান্স ও রহস্যের ইঙ্গিতÑ যা গানটিকে নাচের সীমানা ছাড়িয়ে এক আবেগঘন গল্পে রূপ দিয়েছে।
‘থাম্মা’ সিনেমাটি মুক্তি পাচ্ছে এই দিওয়ালিতে, যেখানে রোমান্স, হরর, কমেডি আর নাটকীয়তার মিশেলে তৈরি হয়েছে এক রোমাঞ্চকর সিনেমাটিক অভিজ্ঞতা। ইতোমধ্যেই ট্রেলার ঘিরে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী, আর ‘দিলবার কি আঁখো কা’ সেই উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে; যেন দিওয়ালির আগেই উৎসব শুরু হয়ে গেছে বলিউডপ্রেমীদের মাঝে।