× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থহীনের গানে অন্ধকার-প্রতিশোধের গল্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১১:৫২ এএম

অর্থহীনের গানে অন্ধকার-প্রতিশোধের গল্প

গানের জগতে অর্থহীন রক–মেটাল ঘরানায় এনেছিল এমন এক সংগীতধারা, যা ছিল একাধারে প্রতিবাদী, আশাবাদী ও জীবনঘনিষ্ঠ। প্রতিটি অ্যালবামে তারা তুলে ধরেছে বাস্তব জীবনের কাঁচা গল্প, সামাজিক টানাপোড়েন, আর ব্যক্তিগত সংগ্রামের সুর। সেই সঙ্গে সংগীতায়োজনে এনে দিয়েছে এমন বৈচিত্র্য, যা অর্থহীনকে আলাদা করে দিয়েছে সমসাময়িক ব্যান্ডগুলোর ভিড় থেকে।

এই ধারাবাহিকতা ধরে রেখেই আসছে তাদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’—যা জনপ্রিয় অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ১’–এর সিক্যুয়েল। প্রথম অ্যালবামটি যেমন ছিল সহনশীলতা ও পুনর্জন্মের গল্প, এবার সেখানে জায়গা নিয়েছে অন্ধকার, ক্রোধ ও প্রতিশোধের বয়ান। ব্যান্ডের ভোকাল ও বেসিস্ট সুমনের ভাষায়, “নতুন অ্যালবামটি এক ধরনের অভ্যন্তরীণ তীব্রতা ও আত্মসমালোচনার গল্প—যেখানে শ্রোতারা অর্থহীনের আরেক রূপের মুখোমুখি হবেন।”

রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্কাইফল রুফটপ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যান্ড সদস্যরা জানালেন, অ্যালবামের প্রতিটি গান তৈরি হয়েছে ব্যান্ডের নিজস্ব ধারা ও স্বকীয় ভাবনা অনুসারে। তবে এবার থাকছে আন্তর্জাতিক সহযোগিতার অনন্য সংযোজন।

‘ফিনিক্সের ডায়েরি ২’–এ অংশ নিচ্ছেন গ্র্যামি মনোনীত গিটারিস্ট ফ্রাঙ্ক গ্যামবালি, কিংবদন্তি মাইক স্টার্ন, পল সায়মন ও স্টিভি ওয়ান্ডারের সঙ্গে কাজ করা স্যাক্সোফোনিস্ট বব ফ্র্যাঙ্কেসচিনি, এবং ডক্টর ড্রে–খ্যাত বেসিস্ট ববি লুইস। এছাড়া বিশেষ চমক হিসেবে থাকছে সুমনের ছেলে আহনাফের গিটার পারফরম্যান্স।

অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত সংগীতশিল্পী এ. কে. রাতুলের স্মৃতির প্রতি। আসছে ১৭ অক্টোবর অ্যালবামটি মুক্তি পাবে ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল ও কোবাজসহ সব প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে। এর আগে ১০ অক্টোবর আয়োজন করা হবে একটি বিশেষ ‘সিক্রেট লিসেনিং পার্টি’।

ইতিমধ্যে অ্যালবামের প্রথম গান ‘উন্মাদ’ প্রকাশ পেয়েছে ব্যান্ডের ইউটিউব চ্যানেলে, যা প্রকাশের পর থেকেই সাড়া ফেলেছে শ্রোতাদের মাঝে। অনেকে বলছেন, এই গানেই নয়া যুগের অর্থহীনের আভাস মিলছে—আরও শক্তিশালী, আরও নিরীক্ষাধর্মী।

প্রসঙ্গত, ব্যান্ডটির যাত্রা শুরু হয় নব্বইয়ের শেষ দিকে, যখন সাইদুস সালেহীন খালেদ সুমন ‘সুমন ও অর্থহীন’ নামে একটি প্রজেক্ট অ্যালবাম প্রকাশ করেন। সেটিই ছিল ভবিষ্যতের অর্থহীনের বীজ। ২০০০ সালের শুরুতে আসে প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম ‘ত্রিমাত্রিক’, যা তখনকার তরুণ প্রজন্মকে রক সংগীতে নতুন এক দিক দেখায়।

তারপর থেকে আটটি অ্যালবাম, অসংখ্য হিট গান, নানা প্রজন্মের আবেগ—সব মিলিয়ে অর্থহীন আজও বাংলাদেশের রক সঙ্গীতের প্রতীক হয়ে আছে। ব্যান্ডের লাইনআপ অনেকবার বদলালেও তাদের গতি এখনো অদম্য। আর ‘ফিনিক্সের ডায়েরি ২’-এর মাধ্যমে সেই অদম্যতা যেন আরও একবার নতুন উচ্চতায় উঠতে চলেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা