প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১২:২১ পিএম
বহুমাত্রিক অভিনয়ের জন্য যার জুড়ি মোশাররফ করিম করিমের ছবি : প্রবা কোলাজ
সব মাধ্যমেই দেশের দর্শকপ্রিয় ও নন্দিত অভিনেতা মোশাররফ করিম। বহুমাত্রিক অভিনয়ের জন্য যার জুড়ি নেই। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে দেখা দিয়েছেন মোশাররফ করিম, ভালোবাসাও কুড়িয়েছেন দুই হাত ভরে। মঞ্চ, নাটক, ওটিটি এবং সিনেমাÑ সব মাধ্যমেই হাজির হয়ে নিজস্ব মুনশিয়ানা দেখিয়েছেন এবং সফলও হয়েছেন তিনি।
শোবিজ অঙ্গনের তারকাদের ঘিরে ভক্তরা প্রায়ই নানা বিশেষণ জুড়ে দেন। কেউ কেউ আবার এসব উপাধি আনন্দের সঙ্গেই গ্রহণ করেন। তবে মোশাররফ করিমের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। জনপ্রিয় এই অভিনেতা তার নামের আগে বিশেষণ জুড়ে দেওয়াকে মোটেই স্বস্তিদায়ক মনে করেন না। বিশেষ করে সম্প্রতি অনেক ভক্তই তাকে ‘কিংবদন্তি’ বলে সম্বোধন করছেন, যা নিয়ে তিনি স্পষ্ট আপত্তি জানিয়েছেন।
মোশাররফ করিম বলেন, ‘আমি একটা কাজ করলাম। দেখার পর সবাই ভালো লাগার কথা জানাল। এটাই বেশি ভালো লাগে। বেশি প্রশংসা করে পদবি দিয়ে দেওয়া, খেতাব দিয়ে দেওয়াÑ আমার কাছে এর খুব বেশি প্রয়োজন আছে বলে মনে হয় না। এটা আমাকে অস্বস্তি দেয়। আমার নামের সঙ্গে নানা কিছু জুড়ে দেওয়া হয়। আমি তো লাগাই না, অন্যরা জুড়ে দেয়। এর কোনো প্রয়োজন নেই। অভিনয়টা হচ্ছে কি না, কারও কাছে ভালো লাগছে কি নাÑ এটাই বড় বিষয়।’
মোশাররফ অভিনীত ‘ইনসাফ’ সিনেমা মুক্তির আগে তার নামের আগে কিংবদন্তি উপাধি ব্যবহার করেছিলেন নির্মাতা। সেটা যে তার পছন্দ ছিল না, এতদিন পর সেটাই জানিয়ে দিলেন অভিনেতা। এ সিনেমায় এক প্রতিবাদী চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে প্রথমবারের মতো পর্দায় অ্যাকশন করতে দেখা গেছে তাকে।
মোশাররফ করিম বলেন, ‘ইনসাফে নতুন অভিজ্ঞতা হয়েছে। সন্তুষ্টির জায়গা আছে কিন্তু খুব খুলে অভিনয় করার জায়গা ছিল না। পর্দায় মারামারি করার অভিজ্ঞতা হলো। তবে সিনেমাটি দেখে আমার মনে হয়েছে, মারামারিটা আমি ভালো করতে পারিনি। কিন্তু চেষ্টা করেছি। অবশ্য সে সময় আমার পায়ে একটা অপারেশন হয়েছিল। ওই সময় এ রকম দৃশ্যে অভিনয় করা ঠিকও হয়নি। এ ছাড়া মারামারির দৃশ্যে আমি অভিজ্ঞ না। এ রকম দৃশ্য আমি কখনও করিনি। তবে ফাইট ডিরেক্টররা খুব আন্তরিক ছিলেন। সে কারণেই হয়তো করতে পেরেছি।’
নাটক, ওটিটি ও সিনেমাÑ সব মাধ্যমেই নিয়মিত কাজ করছেন মোশাররফ। টানা কাজ করতে করতে হাঁপিয়েও ওঠেন। মাঝে মাঝে সবকিছু ছেড়ে দেওয়ার চিন্তাও আসে। তবে অভিনয়ের প্রতি ভালোবাসার কারণেই আবার ফিরে আসেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায়।
মোশাররফ করিম বলেন, ‘অনেক সময় টানা কাজ করার পর মনে হয়, আর ভালো লাগছে না। তখন মনে হয় অভিনয় ছেড়ে দেব, আর করব না। মনে হয় বড় গ্যাপ নিই। কিন্তু দেখা যায়, ১৫-২০ দিন কাজ না করার পর বিষণ্ন লাগে। কোনো জায়গাতে গিয়েও ভালো লাগে না। আবার যখন অভিনয়ে ফিরি, নাটক নিয়ে আলোচনা করি, রিহার্সেল করি, অভিনয়টা ভালোভাবে করার চেষ্টা করি। এই বিষয়টি আমাকে রিলিফ দেয়, আমার বিষণ্নতা চলে যায়।’