প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১২:১৭ পিএম
অভিনেতা হিসেবে ২৫ বছর পেরিয়েছেন হৃতিক রোশন। এবার অভিনয়ের বাইরে অন্যান্য দিকে নিজের দক্ষতা পরীক্ষা করছেন তিনি। ‘কৃষ ফোর’ দিয়ে পরিচালকের আসনে বসবেন হৃতিক। এবার প্রযোজক হিসেবেও যাত্রা শুরু হচ্ছে তার। জানা গেছে, এইচআরএক্স ফিল্মস নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন হৃতিক। এই প্রতিষ্ঠান থেকে একটি বড় বাজেটের ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে। যেটি প্রচারিত হবে আমাজন প্রাইম ভিডিওতে।
২০১৯ সালে মুক্তি পাওয়া হৃতিকের আলোচিত সিনেমা ‘সুপার থার্টি’র প্রযোজনার সঙ্গে যুক্ত ছিল এইচআরএক্স ফিল্মস। তবে সাজিদ নাদিয়াদওয়ালা, অনুরাগ কশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানেÑ এই তিনজন ছিলেন সিনেমাটির মূল প্রযোজকের ভূমিকায়। হৃতিক সেভাবে যুক্ত ছিলেন না ক্যামেরার পেছনে। মূলত এই ওয়েব সিরিজ দিয়েই সরাসরি প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে তার। অন্যদিকে, কৃষ ফোর নিয়েও ব্যস্ত সময় পার করছেন হৃতিক। কৃষ সিরিজের সর্বশেষ সিনেমাটি মুক্তি পেয়েছে এক যুগ আগে। ‘কোয়ি...মিল গায়া’, ‘কৃষ’ ও ‘কৃষ থ্রি’ পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। তিনি অনেক দিন ধরে চাইছিলেন এই সুপারহিরোকে আবার পর্দায় নিয়ে আসতে। কিন্তু গত বছর পরিচালনা থেকে অবসরের ঘোষণা দেন রাকেশ। চতুর্থ সিনেমার পরিচালনার দায়িত্ব তাই তুলে দিয়েছেন ছেলের কাঁধে।