প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১২:১৪ পিএম
বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি। বরাবরই তারা একে অন্যকে পরিচয় করিয়েছেন ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে। তবে বহুদিন ধরেই দক্ষিণি এই তারকা জুটিকে ঘিরে বাগ্দানের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জন যেন সত্যি হয়ে ওঠেছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানাচ্ছে, পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ কিছু মানুষের উপস্থিতিতে সম্প্রতি একান্ত পরিবেশে সম্পন্ন হয়েছে তাদের বাগ্দান অনুষ্ঠান।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে চার হাত এক হবে এই জনপ্রিয় জুটির। তবে আপাতত তারা আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ার পক্ষেই। কাছের একটি সূত্র জানিয়েছে, আলোচনার বাইরে ব্যক্তিগত সময় কাটাতেই বাগ্দান ও বিয়ের খবর আপাতত গোপন রাখতে চাইছেন তারা।
এদিকে রাশমিকার সাম্প্রতিক একটি সামাজিক মাধ্যম পোস্ট ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল জাগিয়েছে। শাড়ি পরে তোলা কয়েকটি ছবি পোস্ট করার পরই তা ভাইরাল হয়। অনেকেই ধরে নিয়েছেন, ছবিগুলো হয়তো তার বাগ্দানের অনুষ্ঠানের দিনেই তোলা। রাশমিকা এখন ব্যস্ত ‘ককটেল ২’ সিনেমার শুটিংয়ে। সামনে অভিনেত্রীকে দেখা যাবে আদিত্য সারপোতদারের হরর-কমেডি চলচ্চিত্র ‘থামা’-তে, যেখানে তার বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা। ছবিটিতে আরও রয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি, পরেশ রাওয়ালসহ একাধিক অভিনয়শিল্পী। সিনেমাটি মুক্তি পাবে ২১ অক্টোবর।
অন্যদিকে বিজয় দেবরাকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে গৌতম তিন্নানুরি পরিচালিত তেলেগু স্পাই অ্যাকশন-থ্রিলার ‘কিংডম’-এ।