প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১১:৫৬ এএম
রণবীর সিং
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর সিং। এটি শেষ করার পরেই ফারহান আখতারের ‘ডন থ্রি’-এর কাজ শুরু করবেন। এর মধ্যেই খবর, এবার ভৌতিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রণবীর সিং।
জয় মেহতা পরিচালিত এই সিনেমাটির নাম ‘প্রলয়’। পিঙ্কভিলা বলছে, রণবীর সিং এবং জয় মেহতা এই জম্বি ভিত্তিক পোস্ট-অ্যাপোক্যালিপটিক চলচ্চিত্রের জন্য আপাতত একটি শিরোনাম নির্ধারণ করেছেন, যেটির নাম ‘প্রলয়’।
জানা গেছে, ছবিটি একটি মানবিক গল্পের ওপর ভিত্তি করে তৈরি হবে, যা একজন মানুষ সবচেয়ে কঠিন পরিস্থিতিতে তার পরিবারকে বাঁচাতে কতদূর যেতে পারে তা দেখাবে। সূত্রের খবর, ছবিটিতে রণবীরের বিপরীতে বলিউডের কোনো এক শীর্ষ অভিনেত্রীকে দেখা যেতে পারে। ‘ডন থ্রি’-এর শুটিং শেষ করার পর ২০২৬ সালের দ্বিতীয়ার্ধ থেকে রণবীর ‘প্রলয়’ ছবির শুটিং শুরু করবেন বলে শোনা যাচ্ছে। এদিকে চলতি বছরের শেষে কিংবা ২০২৬ সালের শুরুতে মুক্তি পেতে চলেছে রণবীরের ‘ধুরন্ধর’ সিনেমা। এতে রণবীরের সঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপাল প্রমুখকে।