× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তি পাচ্ছে পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’

প্রত্যাবর্তনের অপেক্ষায় পপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ১২:৫৫ পিএম

সিনেমাটিতে অভিনয় করেছেন পপি-আমিন খান

সিনেমাটিতে অভিনয় করেছেন পপি-আমিন খান

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে আসছে জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। কয়েক বছর ধরে আটকে থাকা সিনেমাটি আগামী ১৭ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাবে বলে এক গণমাধ্যমকে জানিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

তিনি বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল। এবার মুক্তি পাবে এটাই চূড়ান্ত।’ এর আগে বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির ঘোষণা এলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায়। তবে এবার সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানালেন নির্মাতা। তা ছাড়া আড়ালে থাকা পপির অপেক্ষাতেও ছিলেন তিনি। আর অপেক্ষা করতে চান না। যে কারণে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘অনেক আগেই সিনেমাটির মুক্তির অনুমতি পেয়েছিলাম। ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার-প্রচারণা করে সিনেমাটি মুক্তি দেব। এতদিন ওর অপেক্ষায় ছিলাম। তবে সেটা আর হচ্ছে না। পপির সঙ্গে আমার যোগাযোগ নেই। ও সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। যে কারণে এখন একাই সব কিছু করতে হবে।’

পপি-আমিন খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ। জানা যায়, প্রথমে এ সিনেমাটির নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। সেই নাম নিয়েই শুটিং শুরু করে পরিচালক। এরপর করোনার মধ্যে সিনেমাটির শেষ লটের শুটিং শেষ হয়। 

জানা গেছে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ‘ডাইরেক্ট অ্যাটাক’। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তার সঙ্গী আমিন খান।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে এফডিসিতে আইটেম গান দিয়ে সিনেমাটির শুটিং শুরু হয়। সিনেমায় দুই বছরের বিরতি শেষে ‘ডাইরেক্ট অ্যাটাক’র মাধ্যমে নতুন করে কাজে ফিরেছিলেন পপি। তবে এই সিনেমার শুটিং শেষে পুরোপুরি নিজেকে আড়াল করে নেন এই নায়িকা। হয়েছেন সংসারী। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি প্রযোজনায় ফিরবেন। এত বছর পর মুক্তি পাওয়ায় সিনেমায় কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে সাদেক সিদ্দিকী বলেন, ‘আমার তেমনটি মনে হয় না। সময় পার হলেও সমাজের অন্যায়, সন্ত্রাস, দুর্নীতি তো পাল্টায়নি। এসব অন্যায়ের বিরুদ্ধেই ডাইরেক্ট অ্যাটাক সিনেমা। আমার মনে হয়, এখনও এ সিনেমার গল্প প্রাসঙ্গিক। এ ছাড়া এটি অ্যাকশন ঘরানায় নির্মিত হয়েছে, যা দর্শকের ভালো লাগবে। দর্শক হলে এলে বিরক্ত হবেন না বলেই আমার বিশ্বাস।’

ডাইরেক্ট অ্যাটাক সিনেমায় আরও অভিনয় করেছেনÑ মামনুন ইমন, শিরিন শিলা, অভি প্রমুখ। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন সাদেক সিদ্দিকী।

লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’। এটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ মেঘের কোলে রোদ, কী যাদু করিলা, গঙ্গাযাত্রা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন পপি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা