বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২ ১৫:৪৪ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২ ১৬:০২ পিএম
বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে নাট্য উৎসব। এতে মঞ্চস্থ হবে দেশ নাটকের প্রযোজনা ‘পারাপার’। শুক্রবার (১৬ ডিসেম্বর) গাহি সাম্যের গান মুক্তমঞ্চে সন্ধ্যা ৭টায় নাটকটির মঞ্চায়ন হবে। মাসুম রেজা রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ফাহিম মালেক ইভান।
সাধারণ মানুষের সরলতা ও নিষ্ঠুরতা প্রকাশের গল্প রয়েছে এ নাটকে। পোশাক পরিকল্পনা করেছেন সাজিয়া আফরিন, মঞ্চ পরিকল্পনায় কাজী কোয়েল, আলোক পরিকল্পনায় গোলাম ফারুক টিটু। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামাল আহমেদ, অসীম কুমার নট্ট, কাজী রাজু, গোলাম মাহমুদ, আশরাফুল আশীষ, মাঈন হাসান, আরিফ হক, কাজী লায়লা বিলকিস, সোমা ফেরদৌসী, ইসমত জেরিন, তানহা, ব্রততী, শামীমসহ আরও অনেকে।
পারাপারে দেখা যাবে : ভাবোখালী গ্রামের সরল মানুষ জীবনকে খুব সহজ করে দেখে। ঘুড়ির খেলা, পালাগান, ঐতিহ্যবাহী সব আয়োজনে আনন্দে অতিবাহিত হয় দিন। গ্রামের মহাজন ড্যাডম মালিথার বাড়িতে প্রতি বছর আয়োজন হয় পালাগান। এবারের আয়োজনে পালা করবে কলকাতা থেকে আসা ড্যাডম মালিথার ছেলে ডালিম মালিথার বন্ধু চিনু গায়েন। পালাগানে সবাইকে মুগ্ধ করে ভাবোখালী গ্রামের সবার মন জয় করে নেয় চিনু। সে মুগ্ধতার ঘোর লাগে জোছনার মনেও। অন্যদিকে চিনুর গ্রাম ছোট ঝলমলিয়ার বাড়িতে চিনুরই অপেক্ষায় থাকে মাঞ্জেলা, চিনুর সঙ্গে বিয়ে হবে বলে প্রতীক্ষায় কাটে যার চার বছর। তবে ভাবোখালী গ্রামের সবার ইচ্ছায় তার সঙ্গে বিয়ে হয় জোছনার এবং তারই সঙ্গে কলকাতায় পাড়ি দেওয়ার উদ্দেশ্যে এসে পৌঁছায় বেনাপোলের সীমান্তবর্তী অঞ্চলে। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।