প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৫ পিএম
নতুন ছবি ‘সোলজার’ শুরু করতে যাচ্ছেন শাকিব খান। দুই মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করে কদিন আগে দেশে ফিরে নতুন এই ছবির জন্য প্রস্তুত হচ্ছেন ঢাকাই সিনেমার এই তারকা। চলতি সপ্তাহে ‘সোলজার’-এর শুটিং শুরু হওয়ার কথা থাকলেও আরও এক সপ্তাহ পিছিয়েছে।
‘সোলজার’ সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, ৫ অক্টোবর থেকে এ ছবির শুটিং শুরু হবে। ওই দিনই শাকিব শুটিংয়ে নামবেন। ইতোমধ্যে সোলজার টিম সব প্রস্তুতি সম্পন্ন করেছে এমনকি শাকিব, তিশা, ঐশী, এবিএম সুমন ছাড়াও কাস্টিংয়ে চমক রেখেছে।

দেশপ্রেম ও অ্যাকশন-নির্ভর গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে সোলজার। বাংলাদেশ ছাড়াও ছবিটির শুটিং হওয়ার কথা রয়েছে থাইল্যান্ডে। এ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, দেশপ্রেমের সিনেমা মানে এত দিন দর্শক ছকে বাঁধা গল্প দেখেছে। কিন্তু সোলজার দিয়ে ‘জেন-জি’ থেকে শুরু করে সব শ্রেণির দর্শক নতুন এক আধুনিক ও সমসাময়িক দেশপ্রেমের গল্প দেখতে পাবেন। সূত্রটি আরও জানায়, করোনা-পরবর্তী প্রতিটি ছবিতে শাকিব খান দর্শকদের চমক দিয়েছেন। সোলজার দিয়ে তিনি আবারও সিনেমা ইন্ডাস্ট্রিতে বড়সড় ধাক্কা দিতে পারেন। যেহেতু এই ছবি ঈদ ছাড়া মুক্তি দেওয়ার প্ল্যান রয়েছে, তিনি সেভাবেই প্রস্তুত হচ্ছেন।
-68da2f3025c56.jpg)
সোলজারে দেশ-বিদেশের শতাধিক বেস্ট টেকনিক্যাল টিম কাজ করছে বলেও জানায় সংশ্লিষ্ট সূত্র। ফাইট ডিরেক্টর হিসেবে হলিউড-বলিউডে নিয়মিত কাজ করা ফাইট ডিরেক্টর থাকছেন।

সেই সঙ্গে সিনেমাটোগ্রাফার হিসেবে থাকছেন কামরুল হাসান খসরু, যিনি ‘মনপুরা’, ‘হাওয়া’, ‘দেবী’ সিনেমাগুলোয় কাজ করেছেন।
-68da2f4488be0.jpg)
সোলজার বানাচ্ছেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। একাধিক সংবাদমাধ্যমে তিনি আগেই জানিয়েছেন, এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনীতে কিছুটা নাটকীয়তা থাকবে। দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগ সব মিলিয়ে এটি হবে শক্তিশালী গল্পের ছবি।
এদিকে আবার একসঙ্গে দেখা গেল শাকিব খান ও অপু বিশ্বাসকে। মূলত ছেলে আব্রাহাম খান জয়কে কেন্দ্র করেই এই সম্মিলন। জয়ের জন্মদিন ছিল গতকাল। আর এজন্যই উদযাপনের আয়োজন করা হয় শাকিব খানের গুলশানের বাসায়। আর সেখানেই অপু বিশ্বাসকে দেখা গেল।
কদিন আগে যুক্তরাষ্ট্রে শাকিব খান ও বুবলীকে একসঙ্গে দেখা গিয়েছিল। সে সময়ই ছবির গতিবিধি দেখে অনেকেই অনুমান করেছিলেন শাকিব ও বুবলীর ঝামেলা মিটে গেছে, তারা একত্রে সংসার শুরু করতে যাচ্ছেন। আর এও মনে করা হচ্ছিল অপুর সঙ্গে শাকিবকে আর দেখা যাবে না। তবে সেসব অনুমান মিথ্যে করে আবার একসঙ্গে দেখা গেল ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটিকে। ছবিগুলো অপু ও শাকিব কারও সামাজিক মাধ্যম থেকে পোস্ট করা না হলেও সামনে চলে এসেছে। সেই ছবিতেই দেখা যায় শাকিব খানের পুরো পরিবারের মাঝে উপস্থিত অপু বিশ্বাস। রয়েছেন শাকিব খানের মা, বাবা ও বোন।
এদিকে গত শুক্রবার রাত ১২টা পেরোনোর সঙ্গে সঙ্গে ছেলেকে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব। আপলোড করেন একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, বিদেশের মাটিতে শিশুপার্কে জয়ের সঙ্গে খেলায় মেতেছেন অভিনেতা। ক্যাপশনে শাকিব লেখেন, শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে।