প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৩ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি সিনেমা। সেই তালিকায় যুক্ত হয়েছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’। আগামী ৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা নাসিম সাহনিক। নির্মাতা বলেন, ‘ব্যাচেলর ইন ট্রিপ’ একটি ট্রাভেল স্টোরি। সঙ্গে রয়েছে রোমান্টিক এবং কমেডি উপাদান। করোনা-পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায়। চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি। জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। চলচ্চিত্রটি দেখার সময় জীবনের নানা লক্ষ্য উপলক্ষ দর্শককে ভাবাবে।’ তিনি আরও বলেন, ‘বন্ধুবান্ধব, পরিবার-পরিজন কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য চলচ্চিত্রটি একটি উপভোগ্য অভিজ্ঞতা হয়ে উঠবে।’ এ ছাড়া গল্পে আরও দেখা যাবে, সমুদ্রপাড়ে রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারের পাশাপাশি কিছু ক্রাইম গ্রুপের কারণে তৈরি হওয়া বিপদ আর রহস্যওÑ যা চলচ্চিত্রটিকে আরও টানটান উত্তেজনাময় করে তুলবে বলে আশাবাদী নির্মাতা।
সিনেমার অভিনেতা মুকিত জাকারিয়া জানান, ‘ঈদ উৎসবের পর পূজার উৎসেবও আমার অভিনীত চলচ্চিত্র মুক্তি পাচ্ছে জেনে ভালো লাগছে। চলচ্চিত্রটি পরিচালক নাসিম সাহনিক বেশ যত্ন নিয়ে বানিয়েছেন। আশা করি দর্শক চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হবে।’
অভিনেত্রী শিরিন শিলা জানান, ‘চলচ্চিত্রটিতে তার চরিত্রটি দারুণ। তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন চরিত্রটিকে সুন্দর করে ফুটিয়ে তোলার। চলচ্চিত্রটিতে অনেক শিল্পী। সবাই বেশ মেধাবী। টানটান উত্তেজনাময় এই চলচ্চিত্রটি দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস।’ আম্মাজান ফিল্মস প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন সজল নূর, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক, শান্তা পল প্রমুখ।
ব্যাচেলর ইন ট্রিপ মূলত একটি ট্রাভেল স্টোরি, যার সঙ্গে রয়েছে রোমান্টিক ও কমেডি উপাদান। করোনা-পরবর্তী সময়ে কুয়াকাটায় বেড়াতে যাওয়া কয়েকটি ব্যাচেলর গ্রুপের অভিজ্ঞতার ওপর নির্মিত এ চলচ্চিত্রে উঠে এসেছে মানুষের জীবনকে উপভোগ করার তাড়না। সমুদ্রপাড়ে রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার ও কিছু ক্রাইম গ্রুপের কারণে তৈরি হওয়া বিপদ ও রহস্য চলচ্চিত্রটিকে করে তুলেছে আরও টানটান ও আকর্ষণীয়। চলচ্চিত্রটিতে প্রতিটি মুহূর্ত দর্শককে বিনোদনের পাশাপাশি জীবন ও বন্ধুত্বের মূল্য উপলব্ধি করাবে। সম্প্রতি টাইগার মিডিয়ার সংগীত বিষয়ক ইউটিউব চ্যানেল টাইগার মিউজিকে প্রকাশিত হয়েছে ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রের প্রথম গান ‘বন্ধুদের গান’। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী বাঁধন সরকার পূজা। গানটিতে তার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন শিল্পী মার্সেল। গীতিকার মামুন আফনান রুমির লেখায় গানটির সংগীত আয়োজন করেছেন মার্সেল।
এদিকে একসময় নিয়মিত ছোটপর্দার মুখ ছিলেন আবদুন নূর সজল। কিন্তু তিন বছর ধরে নাটক থেকে অনেকটাই দূরে এই অভিনেতা। নাটকের জায়গায় তাকে বেশিরভাগ দেখা যায় বড়পর্দা ও ওটিটির কাজে। বর্তমানে সিনেমা নিয়েই বছরজুড়ে ব্যস্ততা আবদুন নূর সজলের। তার হাতে রয়েছে তিনটি সিনেমার কাজ। সজলের মনোযোগ এখন অভিনেতা থেকে নায়ক হওয়ার দিকে।
সজল জানালেন, নাটকে অভিনয়ের সময় নামের আগে যোগ করা হতো ‘অভিনেতা’ শব্দ। কিন্তু সিনেমায় অভিনয়ে এসে নাকি শোনেন ‘নায়ক’ শব্দটি, ‘নায়ক সজল’। অভিনেতা ও নায়ক শব্দগুলো কীভাবে নেন তিনি। যেকোনো শিল্পীর নামের আগেই শব্দ দুটি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে বলে মনে করেন তিনি। গত মাসে সজল ‘শাপলা শালুক’ নামে একটি সিনেমার দ্বিতীয় লটের শুটিং শেষ করেছেন। শিগগিরই সিনেমাটির বাকি প্রায় ৩০ শতাংশের কাজ শুরু হবে।
সিনেমাটি পরিচালনা করছেন রাশেদা আক্তার। সজল বলেন, ‘অভিনেতা হওয়ার চেষ্টা সব সময়ই ছিল। সবাই তো অভিনেতাই হতে চায়। আমিও শুরু থেকে সেভাবেই অভিনেতা হিসেবে ক্যারিয়ার সাজিয়েছি। দর্শকদের কাছে অভিনেতা হয়েছি। অভিনয় করে গেছি। সেই সময়েও সিনেমার অনেক প্রস্তাব পেয়েও নাটকের অভিনেতা হয়ে কাজ করে গেছি। দর্শকদের ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসা ‘জ্বীন’ সিনেমার পর অনেক বেড়েছে। ছবির ‘কন্যা’ গানের পর দর্শকরা নামের আগে ভিন্ন এক ভালোবাসা দেখাচ্ছেন ‘নায়ক’ শব্দ বসিয়ে।’ গত দুই মাসে আরও দুটি সিনেমায় নাম লিখিয়েছেন সজল। একটি সিনেমার শুটিং শুরু হবে আগামী মাসে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণার আগে কোনো কিছুই বলতে চান না। অন্যদিকে ‘ধোঁকা’ নামে আরেকটি সিনেমার কাজও শুরু করতে যাচ্ছেন। তবে এটা নিয়েও কোনো কথা বলতে চান না। শুধু বললেন, ‘শিগগিরই একটা সিনেমার শুটিং। সময় হলেই সেটা জানাব।’