প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৯ এএম
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৭তম ছবি ফ্যান্টাস্টিক ফোর : ফার্স্ট স্টেপস সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির একটি নতুন রিবুট। এই সিনেমায় চারজন তরুণ বিজ্ঞানীর গল্প দেখা যাবে, যারা এক বৈজ্ঞানিক পরীক্ষায় সমস্যা ঘটে যাওয়ার পর অসাধারণ ক্ষমতা অর্জন করে।
তাদের শিখতে হবে কীভাবে এই ক্ষমতাগুলো নিয়ন্ত্রণ করা যায় এবং একত্রিত হয়ে একটি বড় হুমকিকে রুখতে হবে। মার্ভেল ভক্তরা আশা করতে পারেন রোমাঞ্চকর অ্যাকশন সিন, আধুনিক ভিজ্যুয়াল ইফেক্ট এবং আকর্ষণীয় চরিত্রের কাহিনীর মাধ্যমে, ফ্যান্টাস্টিক ফোর এমসিইউতে তাদের প্রথম পদক্ষেপ রাখছে। সিনেমাটি দেখা যাবে অ্যামাজন প্রাইম এবং অ্যাপল টিভি প্লাস প্লাটফর্মে।
নির্মাতা : ম্যাট শাকম্যান অভিনয়ে : পেড্রো প্যাসকেল, ভেনেসা কিরবি, জোসেফ কুইন প্রমুখ। ফ্যান্টাস্টিক ফোরকে বলা হয় ‘মার্ভেলের ফার্স্ট ফ্যামিলি’। শুধু ১৯৬২ সালে তাদের আত্মপ্রকাশ মার্ভেলকে কমিক ইন্ডাস্ট্রিতে সাফল্যের পথে নিয়ে গিয়েছিল বলেই নয়, বরং কারণ হলোÑ এই টিম বাস্তব জীবনের সমস্যাগুলোকে এক কল্পনাময় পরিবেশে মোকাবিলা করেছিল। এই ধরনটাই মার্ভেলের স্বাক্ষর হয়ে ওঠে, যা অনুপ্রেরণা জোগায় স্পাইডার-ম্যান ও এক্স-ম্যানের মতো সম্পর্কিত হিরোদের জন্ম দিতে। চরিত্রগুলো সত্যিকারের একটি পরিবারের মতো মনে হয়, আর তাদের সম্পর্ক কখনও সূক্ষ্মভাবে, কখনও স্পষ্টভাবে প্রকাশ পায়Ñ যা পাঠককে তাদের প্রত্যেকের জন্য সমর্থন করতে উদ্বুদ্ধ করে। দলের প্রতিটি সদস্যের ভেতর এমন গভীরতা রয়েছে যা তাদের শুধু দুনিয়া বাঁচানো হিরো নয়, বরং বাস্তব মানুষ হিসেবে অনুভূত করে।