প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫০ এএম
দুলকার সালমান
মালয়ালম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান। তামিল, তেলেগু ও হিন্দি ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও সফল দুলকার। তার প্রতিষ্ঠান ওয়েফারার ফিল্মস থেকে তৈরি হয়েছে ছয়টি সিনেমা, ২০টির বেশি সিনেমার পরিবেশনার সঙ্গেও যুক্ত প্রতিষ্ঠানটি।
দুলকার সালমান প্রযোজিত সর্বশেষ সিনেমা ‘লোকাহ : চ্যাপ্টার ওয়ান- চন্দ্রা’ মালয়ালম ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ডমিনিক অরুণ পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ২৮ আগস্ট। এই সুপারহিরো ফ্যান্টাসি গল্প দেখতে প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে ছিল উপচেপড়া ভিড়। প্রথম সপ্তাহেই আয় শতকোটি রুপির ঘর পেরিয়ে যায়। মাত্র ২১ দিনে লোকাহ বিশ্বব্যাপী আয় করেছে ২৬১ কোটি রুপির বেশি। এই সাফল্যের রেশ ধরে প্রযোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন দুলকার সালমান। সাধারণত কোনো সিনেমা ভালো ব্যবসা করলে লাভের ভাগ পুরোটাই নিয়ে যান প্রযোজক। অনেক সময় তারকারাও ভাগের ভাগীদার থাকেন। কিন্তু সিনেমায় অন্য যারা কাজ করেন, সেই পরিচালক থেকে শুরু করে চিত্রনাট্যকার, ক্যামেরাম্যান, লাইটম্যান কিংবা মেকআপ, আর্টসহ অন্য বিভাগের কর্মীরা থাকেন অবহেলিত। এ নিয়মে বদল আনতে চান দুলকার সালমান। তিনি ঘোষণা দিয়েছেন, লোকাহ থেকে পাওয়া লভ্যাংশ কলাকুশলীদের সঙ্গে ভাগ করে নেবেন। সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সব সময় চেয়েছিলাম, এটা হোক। যখন একটা সিনেমা খুব ভালো ব্যবসা করে, তখন প্রযোজকের উচিত এর সঙ্গে যারা জড়িত, সবাইকে পুরস্কৃত করা। লোকাহ সিনেমার প্রতিটি বিভাগের প্রধানকে অংশীদার হিসেবে মনে করি। ফলে পরিচালক ডমিনিক অরুণ থেকে শুরু করে প্রত্যেকেই লাভের ভাগীদার। এটা করতে পারলে সবাই কাজটিকে নিজের মনে করবে। তাতে আরও ভালো সিনেমা তৈরি হবে।’