প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৭ পিএম
দীপিকা পাড়ুকোন
সময়টা এবার খুব একটা অনুকূলে যাচ্ছে না দীপিকা পাড়ুকোনের। সন্দীপ রেড্ডি ভাঙার পর এবার নাগ অশ্বিনের ছবি থেকে বাদ পড়লেন বলিউড অভিনেত্রী।
দীপিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কাল্কি ২৮৯৮’ ছবির সিক্যুয়ালে তাকে দেখা যাবে কি না সেই নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। দীপিকার অনুরাগীরাও মুখিয়ে ছিল তাকে এই ছবিটির পরবর্তী কিস্তিতে দেখার জন্য।
কিন্তু এক আনুষ্ঠানিক ঘোষণায় ছবির টিম জানায়, ছবিটির সিক্যুয়ালে দীপিকা থাকছে না। প্রযোজনা প্রতিষ্ঠান এক ফেসবুক পোস্টে লিখেছে, দীর্ঘ আলোচনার পর আমরা এই সিদ্ধান্ত আপনাদের জানাচ্ছি যে ‘কাল্কি ২৮৯৮’ ছবিতে থাকছেন না দীপিকা পাড়ুকোন। আমরা একসঙ্গে প্রথম ছবিতে কাজ করলেও দ্বিতীয় ছবিতে আমাদের কাজ করা সম্ভব হয়ে উঠছে না। দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছবির সিক্যুয়ালে অভিনয় করার জন্য দায়বদ্ধতা ভীষণভাবে প্রয়োজন। দীপিকার জন্যও আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল।’ এই পোস্টে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে দীপিকার সময় দিতে না পারাই হয়তো ছবির সিক্যুয়ালে তার অভিনয় করার পথে অন্তরায় হয়ে দাঁড়িছে।
গত বছর ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হন দীপিকা। সম্প্রতি মেয়ের এক বছর পূর্ণ হয়েছে। নিজের হাতে কেক বানিয়েছেন সেই বিশেষ দিনে দীপিকা। জীবনের এই সময়টা যথাসম্ভব উপভোগ করার চেষ্টা করছেন রণবীরের ঘরনি।
এর আগে সেই কারণেই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার ছবি থেকে বাদ পড়েছিলেন দীপিকা।