প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৬ পিএম
অনিত পাড্ডা
‘সাইয়ারা’ ছবির সাফল্যে মাত্র এক ছবিতেই আলোচনার কেন্দ্রে চলে আসেন ২২ বছর বয়সি অভিনেত্রী অনিত পাড্ডা। আহান পান্ডের বিপরীতে অসুস্থ প্রেমিকার চরিত্রে তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। সেই আবেগঘন চরিত্রের পর এবার সম্পূর্ণ নতুন রূপে পর্দায় ফিরতে যাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, অনিত এবার অভিনয় করবেন একটি কোর্টরুম ড্রামায়, যেখানে গল্পের কেন্দ্রবিন্দু হবে ন্যায়বিচারের লড়াই। সিনেমায় তাকে দেখা যাবে এক তরুণীর ভূমিকায়, যে অন্যায়ের শিকার হয়ে সমগ্র ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ায়।
গল্পে প্রকাশ পাবে এক প্রভাবশালী আধ্যাত্মিক নেতার অমানবিক দিক। এই নেতার হাতে নির্যাতিত হওয়ার পর অনিতের চরিত্র শুধু নিজের জন্যই নয়, বরং অন্য নারীদের অধিকার রক্ষার জন্যও লড়াই করে। সিনেমাজুড়ে দর্শকরা দেখবেন সত্য, সাহস আর ন্যায়ের এক অদম্য যাত্রা। এই ছবিতে অনিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অর্জুন মাথুর ও ফাতিমা সানা শেখ। আদালতকেন্দ্রিক কাহিনীতে তাদের অভিনয় যোগ করবে ভিন্ন মাত্রা।
পরিচালনায় থাকছেন নিত্য মেহরা, যিনি ‘মেড ইন হেভেন’ এবং ‘বারবার দেখো’-এর মতো কাজের জন্য পরিচিত। নিত্য ও অনিত এর আগেও একসঙ্গে কাজ করেছেনÑ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’-এ অনিতের অভিনয় দর্শক-সমালোচক সবারই প্রশংসা কুড়িয়েছিল। ফলে নতুন এই সিনেমার জন্য দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। সাইয়ারা’ বক্স অফিসে ব্যবসায়িক সাফল্য পাওয়ার পর ইতোমধ্যেই ডিজিটাল প্লাটফর্মেও ঝড় তুলেছে। এখন ছবিটি নেটফ্লিক্সে পাওয়া যাচ্ছে এবং সেখানেও দর্শকরা অভিনয় ও গল্পের প্রশংসা করছেন।