প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৪ পিএম
শাকিব খান
বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান এবার ভিন্ন আঙ্গিকে ভক্তদের সামনে হাজির হচ্ছেন। সিনেমার পর্দা ছেড়ে তিনি নাম লিখিয়েছেন প্রযুক্তিপণ্যের দুনিয়ায়। আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ডর নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে দেখা যাবে ঢালিউডের এই সুপারস্টারকে।
ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ প্রজন্মের কাছে রিয়েলমিকে আরও আকর্ষণীয় করে তুলতেই তারা শাকিব খানকে বেছে নিয়েছেন। আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর ঢাকার বিভিন্ন স্থানে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হবে। এরপর এটি প্রচারিত হবে দেশের টিভি চ্যানেল, সামাজিক মাধ্যম ও ইউটিউবসহ নানা প্লাটফর্মে।
যদিও এর আগেও শাকিব খানকে বিভিন্ন বিজ্ঞাপনে দেখা গেছে, তবে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। দীর্ঘদিন দর্শকরা তাকে চলচ্চিত্র ও ব্যক্তিগত জীবন ঘিরেই চিনে এসেছেন, কিন্তু এবার প্রযুক্তির প্রচারণায় অংশ নিয়ে নিজের ক্যারিয়ারে তিনি যোগ করছেন এক নতুন মাত্রা।
বিজ্ঞাপনের বাইরে শাকিব খানের সিনেমা নিয়ে ব্যস্ত শিডিউল যাচ্ছে। সামনে বছর দুই ঈদ সামনে রেখে তিনি শুটিং করছেন দুটি সিনেমার। একটি নব্বইয়ের দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। নাম ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এটি পরিচালনার দায়িত্বে আছেন আবু হায়াত মাহমুদ। এ সিনেমার গল্পে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন আর ইমোশনের মিশেল। দর্শকের প্রতীক্ষিত এ সিনেমার প্রথম পোস্টার এরই মধ্যে উন্মোচন হয়েছে, যা বেশ ঝড় তুলেছে দেশের সিনেপ্রেমীদের মধ্যে। সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে, নভেম্বর থেকে শুরু হবে শুটিং। আর সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা। যদিও তাদের নাম এখনও চূড়ান্ত হয়নি।
চলচ্চিত্রটির প্রযোজক শিরিন সুলতানা এবং ক্রিয়েটিভ ল্যান্ড। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন আর চিত্রনাট্যে কাজ করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
অন্যটি নির্মাতা সাকিব ফাহাদের সিনেমা ‘সোলজার’। এটিও সামনের বছর যেকোনো এক ঈদে মুক্তির কথা রয়েছে। এ সিনেমায় শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনও নিশ্চিত নয়। সবকিছু মিলিয়ে ঢালিউডের কিং খান এখন মহাব্যস্ত।