প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৩ পিএম
অনির্বাণ
নিজের গানের দল ‘হুলিগানইজম’ নিয়ে অনির্বাণ এখন আলোচনায়। কয়েক মাস আগে এ ব্যান্ডের ‘মেলার গান’ জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি একটি কনসার্ট থেকে ভাইরাল হয় অনির্বাণের আরেকটি গান। ‘তুমি মস্তি করবে জানি’ শিরোনামের এ গানে পশ্চিমবঙ্গের রাজনীতির তিন ঘোষকে নিয়ে স্যাটায়ার করতে দেখা যায় অনির্বাণকে। সেই রেশ কাটতে না কাটতে নতুন গান নিয়ে হাজির হয়েছেন অনির্বাণ।
দুর্গাপূজা উপলক্ষে বুধবার প্রকাশ পেয়েছে হুলিগানইজমের দ্বিতীয় গান ‘পূজার গান’। প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে অনির্বাণ ও হুলিগানইজম। চারদিকে যখন একের পর এক অন্যায় হয়ে চলেছে, তখন মা দুর্গা কেন চুপ করে রয়েছেন, সেই প্রশ্ন তোলা হয়েছে এই গানে। গানটি লিখেছেন অনির্বাণ, শুভদীপ ও গোপীনাথ। এদিকে এবার পুজোয় মেলা বসবে আমেরিকার ছয়টি শহরে। হুলিগানইজ্ম সেই মেলায় পারফর্ম করবে বলে নিশ্চিত করেছে।
সংশয় দেখা দিয়েছে সৃজিত মুখার্জির নতুন সিনেমায় অনির্বাণের অভিনয় করা নিয়ে। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাস প্রকাশের শতবর্ষ উপলক্ষে সৃজিত মুখার্জি বানাচ্ছেন ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ নামের সিনেমা। গত মাসেই নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা। এতে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী, আবির চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। পর্দায় শরৎচন্দ্রের চরিত্রে অভিনয়ের জন্য কথা চলছিল অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে। কিন্তু টোটা, আবির ও সোহিনীর অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হলেও অনির্বাণের বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন খোদ নির্মাতা। কারণ ফেডারেশনের সঙ্গে অভিনেতার দ্বন্দ্ব রয়েছে। তাই সিনেমার প্রযোজক রানা সরকার বল ঠেলে দিলেন ফেডারেশনের দিকে। শরৎচন্দ্রের চরিত্রে অনির্বাণের অভিনয় প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে রানা সরকার বলেন, ‘গুঞ্জন থাকলেও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে ভাবনা অবশ্যই আছে। তবে ফেডারেশনের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।’
এমন পরিস্থিতিতে অনির্বাণ শেষ পর্যন্ত সৃজিতের এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র সিনেমার শরৎচন্দ্র হতে পারবেন কি না, সেটা নির্ভর করছে ফেডারেশনের ওপর।