প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:০১ পিএম
আফরান নিশো
সম্প্রতি কাজাখস্তানের এক দুর্গম এলাকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গী নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ আরও কয়েকজন বিদেশি।
আগামী ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হওয়া ‘দম’ সিনেমার প্রস্তুতি চলছে। এবার এক সাক্ষাৎকারে ‘দম’ সিনেমার বিষয় বিস্তারিত কথা বলেছেন আফরান নিশো। সাক্ষাৎকারে সিনেমার বিষয়ে আফরান নিশো বলেন, ‘রেদওয়ান রনির অনেক দিন পর কামব্যাক, খুবই ভালো ডেডিকেটেড একটা ছেলে। গল্প নিয়ে প্রচণ্ড ভাবছে। অনেকদিন ধরে লিখছে এবং দিস গোনা বি দ্য ফার্স্ট মানে সারভাইভাল স্টোরি যদি বলি বাংলাদেশের ফিল্মে।
নিশো বলেন, ‘এটাই প্রথম এবং আমার গল্প মারাত্মক মানে কি অসম্ভব পছন্দ হয়েছে। আমি শোনার পর ইনটু ক্যারেক্টারে চলে গেছি। খুবই বিউটিফুল স্টোরি এবং সেটা যদি শাকিল এবং রনি তারা যদি এক্সিকিউট করতে পারে তাহলে হয়তবা খুবই অনবদ্য একটা গল্প হবে।’
আফরান নিশোর ভাষ্যে, ‘ভালো পারফর্মারদের লাগবে, ভালো পারফরম্যান্স আমাকে করতে হবে এবং আমার জার্নিটা অনেক কষ্টদায়ক, পীড়াদায়ক এবং প্রচণ্ড মানে প্রচণ্ড কষ্ট এবং স্ট্রাগল করতে হবে আমাকে ওই চরিত্রের জন্য।’
‘দম’ সিনেমার মাধ্যমে বহু বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি। তার ভাষায়, ‘দম নিয়ে দম বানাতে আসছি।’ তিনি আরও বলেন, সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সিনেমার কাহিনী, যেখানে থাকবে সারভাইভাল ড্রামা। ‘দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। বলতে পারেন, পাওয়ার অব অ্যা কমন ম্যান নিয়েই কাজ করছি। চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে, যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা জোগাবে।’

প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে কাজ করছেন আফরান নিশো ও রেদওয়ান রনি। এর আগে নিশো বলেছিলেন, ‘এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে আমার জানা নেই। দম হবে একটি সারভাইভাল-ইনস্পিরেশনাল গল্প। এতে উত্তেজনা আছে, চ্যালেঞ্জ আছে। অভিনয়ে প্রচুর চাপ থাকলেও এটাই আমাকে সবচেয়ে বেশি টানছে। দেশে এ ধরনের সিনেমা আগে দেখিনি। ‘দম’-এর গল্পে অনেক লেয়ার আছে। চরিত্রটি সমৃদ্ধ। আমার আগের সিনেমা ‘সুড়ঙ্গ’, ‘দাগি’ ছিল গল্পনির্ভর। ‘দম’ আরও বড় ক্যানভাসের গল্প। নির্মাতা রনি খুবই ডেডিকেটেড, ফলে চ্যালেঞ্জটা নিতে ভালোই লাগছে।’
অন্যদিকে সিনেমাটিতে আছেন চঞ্চল চৌধুরীও। তিনি বলেন, ‘রেদওয়ান রনি আবার পরিচালনায় ফিরছেন, এটাই দারুণ খবর। ‘দম’-এর গল্প অসাধারণ, আগে এ ধরনের গল্পে কাজ করিনি। খুবই চ্যালেঞ্জিং। মনে হয় দর্শকরাও চমকে যাবেন। এই সিনেমায় যারা আছেন, সবাই আমার খুব কাছের মানুষ। পছন্দের গল্প, পছন্দের চরিত্র আর পছন্দের মানুষের সঙ্গে কাজ করতে পারাটা বড় আনন্দ।’ এত কিছু ঠিক হলেও এখনও নিশ্চিত হয়নি সিনেমার প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই শিল্পী নির্বাচন ও লোকেশন চূড়ান্ত করা হবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘দম’।
সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিরিজ ‘আকা’। ভিকি জাহেদের সঙ্গে আফরান নিশোর আরেকটি কাজ, যা বেশ আলোচনার জন্ম দিয়েছে দর্শকদের মাঝে। দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সিরিজটি নিয়ে। গল্প ও অভিনয়ের প্রশংসা থাকলেও একটি বিষয় নিয়ে সমালোচনা বাড়ছেÑ সিরিজজুড়ে অতিরিক্ত গালাগালের ব্যবহার। সিরিজটি হইচইতে মুক্তি পেয়েছে ৪ সেপ্টেম্বর। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মাসুমা রহমান নাবিলা, ইমতিয়াজ বর্ষণ ও আজিজুল হাকিম।